ভাসছে মরা মাছ, ধূসর হয়ে গেছে সবুজ পাতা
দুর্ঘটনার ১২ ঘণ্টা পর কারখানার পাশের নালা-নর্দমা ও ঝোপঝাড়ের পাতার রংও পাল্টে গেছে। গাছের সব পাতা ধূসর হয়ে গেছে। আশপাশের জলাশয়ের মাছ ও ব্যাঙ মরে ভেসে উঠেছে। কারখানার অদূরে খেতের পানিতে মরে পড়ে ছিল দুটি গরু। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত কারখানা এলাকা ঘুরে এ অবস্থা দেখা গেছে।
গত সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানার একটি ট্যাংক ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। কর্ণফুলী নদীর পূর্ব পারের এই কারখানায় দুর্ঘটনার পর দ্রুতই অ্যামোনিয়া গ্যাস নদীর পশ্চিম পারে চট্টগ্রাম নগরের বন্দর ও হালিশহর এলাকায় ছড়িয়ে পড়ে। এসব এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ দুর্ঘটনায় প্রকৃতি ও পরিবেশের ক্ষতির বিষয়টি এখনই নিরূপণ করা যাবে না বলে বলছেন বিশেষজ্ঞরা।
পুকুরে মরা মাছ ভেসে ওঠার বিষয়ে আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা বলেন, ‘কয়েকটি প্রকল্পের মাছ মারা গেছে। তবে পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।’
স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর থেকে এলাকার পশুপাখি, গাছ ও মাছ মরে যাওয়ার খবর পাচ্ছি।’
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীন ও সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলী প্রথম আলোকে বলেন, পানিতে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করলে অক্সিজেনের মাত্রা কমে যায়। এতে মাছসহ জলজ প্রাণী মারা যেতে পারে। দুর্ঘটনাস্থলের কাছে যেখানে অ্যামোনিয়া গ্যাসের মাত্রা বেশি ছিল, সেখানে গাছের পাতা পুড়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যামোনিয়া গ্যাসের মাত্রার ওপর নির্ভর করে এর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কতটুকু হবে। তবে দীর্ঘ মেয়াদে সমস্যা হওয়ার বিষয়টি এখনো অজানা। অ্যামোনিয়া দ্রুত পানির সঙ্গে মিশে দ্রবীভূত হয়ে যায়। আবার বাতাসের চেয়ে হালকা হওয়ায় অনেক ওপরে উঠে যায়।
অ্যামোনিয়া গ্যাসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে জাপানের ফুকুশিমা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল রেডিওঅ্যাক্টিভিটির সহযোগী অধ্যাপক ইসমাইল মোহাম্মদ মফিজুর রহমানের সঙ্গে গতকাল রাতে ই-মেইলে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, প্রচণ্ড মাত্রায় অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হলে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট এবং শ্বাসনালিতে প্রদাহ দেখা দিতে পারে। এ ছাড়া নাকে-মুখে-চোখে ও গলায় জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য দিয়ে তিনি জানান, দীর্ঘ মেয়াদে অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসার ফলে মানবদেহের মুখে কী প্রতিক্রিয়া হয়, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে প্রাণীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, দীর্ঘদিন এ ধরনের গ্যাস নিঃসরণের প্রভাবে প্রাণীদের হাড় দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ক্রমাগত অ্যামোনিয়া গ্যাস নিশ্বাসের সঙ্গে টেনে নিলে মানুষের কাশি, কফ, নিশ্বাসের সমস্যা ও হাঁপানি হতে পারে।
দুর্ঘটনার পর সোমবার রাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। গতকালও তাঁরা ঘটনাস্থলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের জ্যেষ্ঠ রসায়নবিদ কামরুল ইসলাম বলেন, বাতাসে কী পরিমাণ অ্যামোনিয়া মিশে আছে, তা নির্ধারণের জন্য যন্ত্র বসিয়েছেন তাঁরা। এ দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকার বাতাস ও পানির নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পর বলা যাবে বাতাস ও পানিতে কী পরিমাণ অ্যামোনিয়া মিশেছে। তিনি আরও বলেন, এমনিতে কারখানার আশপাশের পুকুরের মাছ মরেছে। কেন মারা গেল সেটি পরীক্ষার পর জানা যাবে।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে প্রথম আলোকে বলেন, অ্যামোনিয়া গ্যাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একবার নিঃসরণের পর ধীরে ধীরে এর মাত্রা কমে যায়।