ভাসানচর থেকে পালিয়ে আসা তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণী (২০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ওই রোহিঙ্গা তরুণী বাদী হয়ে চরজব্বর থানায় মামলা করলে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন হাতিয়ার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও নুর নবীর ছেলে নুর মাওলা ওরফে মনির (২৬)।

পুলিশ জানায়, ওই তরুণীকে আজ বৃহস্পতিবার দুপুরে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার দুই যুবককে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভাসানচর থেকে ওই তরুণী (২০) একই আশ্রয়ণ প্রকল্পের আরেক কিশোরকে (১৫) সঙ্গে নিয়ে কক্সবাজারে তাঁদের পুরোনো আশ্রয়শিবিরে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসেন। রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণী ও কিশোর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় পৌঁছান। এরপর তাঁরা চরজব্বরের দিকে যাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেল ভাড়া করেন।

মোটরসাইকেলটি কিছু দূর যাওয়ার পর চালক কৌশলে কিশোরকে নামিয়ে দিয়ে ওই তরুণীকে নিয়ে একই ইউনিয়নের নয়ন মার্কেট এলাকায় নিয়ে যান। সেখানে আরও তিনজনসহ মোট চারজন ওই তরুণীকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে তরুণীর সঙ্গে থাকা কিশোরের চিৎকারে আশপাশের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ওই তরুণীকে খুঁজে পান।

পরে স্থানীয় এলাকার লোকজন ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কামাল উদ্দিন ও নুর মাওলাকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই তরুণী আটক দুইজনসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সুবর্ণচরের চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) আহছান উল্যাহ প্রথম আলোকে বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসা এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানা লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।