ভাসানচর পালানো রোহিঙ্গাদের আনা-নেওয়ায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ২
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পারাপারে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুবর্ণচরের চরজব্বর থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চর আলাউদ্দিন গ্রামের আকবর হোসেন ওরফে সাইফুল্লাহ (৩৫) ও নুর ইসলাম (৪৫)। ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে হওয়া বিদেশি নাগরিক আইনের মামলায় সহযোগী হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তার আসামি সাইফুল্লাহ ও নুর ইসলাম ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মেঘনা নদী পারাপারে সহযোগিতা করতেন। পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া যায়। পরে তাঁদের বিরুদ্ধে হওয়া মামলায় সাইফুল্লাহ ও নুরকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।
ওসি জিয়াউল হক বলেন, মামলার পর থেকে সাইফুল্লাহ ও নুর ইসলাম আত্মগোপনে ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁরা নিজ বাড়িতে আসেন। গোপন সূত্রে সে তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আজ ভোরে তাঁদের গ্রেপ্তার করে।