ভাসানচরে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু
নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে দিঘিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩–এর চেয়ারম্যান দিঘিতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান ওরফে আনাস (৬) ও মো. জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে হাফসা (৫)।
ভাসানচর থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে চার শিশু খেলতে বের হয়। একপর্যায়ে তারা খেলতে গিয়ে চেয়ারম্যান দিঘির পানিতে ডুবে যায়। এ সময় তাদের সঙ্গী মো. জুনায়েদ দৌড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে ভাসানচরে পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। প্রথম আলোকে তিনি জানান, শিশু তিনটি খেলতে গিয়ে অসাবধানতাবশত চরের ভেতর দিঘির পানিতে ডুবে গেলে ওই প্রাণহানি ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে শিশু তিনটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।