ভাসানচরে পৌঁছাল আরও ২৯৮৪ জন রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছেছে আরও ২ হাজার ৯৮৪ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার বিকেলেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর পৌঁছেছে আরও ২ হাজার ৯৮৪ জন রোহিঙ্গা শরণার্থী। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নৌবাহিনীর সাতটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছায়। এ নিয়ে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৮৬।

ভাসানচর শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার এই রোহিঙ্গা শরণার্থীদের বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। সেখান থেকে আজ সকালে ২ হাজার ৯৮৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়। বিকেল চারটার দিকে জাহাজগুলো ভাসানচর পৌঁছায়।

আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, দ্বাদশ দফায় আসা এই ২ হাজার ৯৮৪ জন রোহিঙ্গার মধ্যে ৭৭ জন কক্সবাজারের শরণার্থীশিবির থেকে ভাসানচরে বেড়াতে এসেছে। এ ছাড়া ১৪৯ জন রোহিঙ্গা ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল, তারাও ফিরে এসেছে।

১৩ হাজার একর আয়তনের ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো রয়েছে।

ভাসানচরের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার গোবিন্দ চাকমা প্রথম আলোকে বলেন, ভাসানচর পৌঁছার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর পন্টুনসংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাদের গাড়িযোগে নির্ধারিত ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভাসানচর সম্পর্কে ব্রিফিং করা হয়। এরপর তাদের নির্ধারিত ক্লাস্টারে পৌঁছে দেওয়া হয়।

মিয়ানমারের রাখাইনে নৃশংসতার শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। কয়েক মাসে অন্তত আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

ভাসানচরের আশ্রয়শিবিরে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এক লাখ রোহিঙ্গার ধারণক্ষমতার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ নৌবাহিনী। ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১ লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়। ২০২০ সালের ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচর স্থানান্তরের মধ্য দিয়ে এখানে রোহিঙ্গাদের বসবাস শুরু হয়।