ভাসানচরে প্রথম রোহিঙ্গা শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা রাবেয়া খাতুনের কোলে নবজাতক। শুক্রবার ভাসানচরে
সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি ছেলেসন্তান। এর মধ্য দিয়ে ভাসানচরে প্রথম কোনো রোহিঙ্গা শিশু জন্ম নিল।

ভাসানচরে আশ্রয় নেওয়ার আট দিন পর গতকাল শুক্রবার মোহাম্মদ কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে ওই শিশুর জন্ম। তাঁদের ঘরে এটি তৃতীয় সন্তান। এর আগে এ দম্পতি কক্সবাজারের কুতুপালং শরণার্থীশিবিরে বাসিন্দা ছিলেন। তাঁরা স্বেচ্ছায় ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের প্রথম দলের সঙ্গে ভাসানচরে নতুন ঠিকানায় পা রাখেন।

এ সম্পর্কে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে প্রসবব্যথা শুরু হলে রাবেয়াকে প্রথমে ভাসানচরের আশ্রয়ণের স্বাস্থ্যকেন্দ্র নেওয়া হয়। সেখানে ধাত্রীর সহায়তায় ভোররাত সাড়ে চারটার দিকে শিশুটির জন্ম হয়। গতকাল সকালের দিকে মা ও শিশুকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সকাল ১০টায় তাঁরা নিজ ঘরে ফিরে আসেন।

এম আনোয়ারুল কবির আরও বলেন, শিশুটি ইতিহাসের অংশ হয়ে গেল। নোয়াখালীর ভাসানচর তার জন্মস্থান। মা ও শিশুর প্রতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত হামলা, নিপীড়ন ও হত্যার কারণে ২০১৭ সালে দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে এসে আশ্রয় নিয়েছিলেন বিপুলসংখ্যক রোহিঙ্গা। বর্তমানে তাদের সংখ্যা অন্তত ১১ লাখ। তাঁদের বেশির ভাগই রয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এ পরিস্থিতিতে শরণার্থীশিবির থেকে এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নিতে নোয়াখালীর ভাসানচরে নিজস্ব অর্থায়নে আশ্রয় ক্যাম্প নির্মাণ করে সেখানে পাঠানোর উদ্যোগ নেয় সরকার। ৪ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরে যান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, ভাসানচরের রোহিঙ্গারা নিয়মিত খাদ্যসামগ্রী পাচ্ছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হচ্ছে। ভাসানচর রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনারের উখিয়া ও টেকনাফের মতো একটি শিবির। ভাসানচরে গতকাল প্রথম একটি ছেলেশিশুর জন্ম হয়েছে।