ভাসানচরে যেতে কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে ১৯৯৯ রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ দুপুর ও বিকেলে ৩৯টি বাসে করে উখিয়া থেকে চট্টগ্রামের পথে রওনা হয়েছেন রোহিঙ্গারা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ শরণার্থীশিবির থেকে স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যেতে ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা চট্টগ্রামের পথে রওনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ৩৯টি বাসে করে তারা যাত্রা শুরু করে।

উখিয়ার শরণার্থীশিবিরে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গারা মঙ্গলবার রাত যাপন করবে চট্টগ্রামে। সেখান থেকে আগামীকাল বুধবার নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে যাবে। এবার দুই অংশে বিভিন্ন ক্যাম্প থেকে ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশে চট্টগ্রামে রওনা দিয়েছে।

গত বছরের ডিসেম্বর থেকে ১২ দফায় প্রায় ২৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যায়। এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গা ও চলতি বছরের ২১ মার্চ মহেশখালীর সোনাদিয়ায় থেকে উদ্ধার ১৪৯ রোহিঙ্গাকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে অতিরিক্ত কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, এবার ৩ হাজারের মতো রোহিঙ্গা ভাসানচরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আজ দুপুর ও বিকেলে ১ হাজার ৯৯৯ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া থেকে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগের ও তখনকার মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে। ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।