ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব নিলেন সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব নিলেন সহ-উপাচার্য এ আর এম সোলাইমান
ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ আর এম সোলাইমান উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী উপাচার্য নিয়োগ ও নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর এ আর এম সোলাইমানকে বিশ্ববিদ্যালয়ের ডিনরা, নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ আর এম সোলাইমান বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সবার সঙ্গে মতবিনিময় করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে কীভাবে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।

২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের দ্বিতীয় দফা দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়। পরবর্তী উপাচার্য নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(৩) ধারামতে এ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ আর এম সোলাইমানকে উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।