ভাস্কর্য ভাঙার প্রস্তুতির সন্দেহে ১৮ জন আটক
মেহেরপুর পৌর শহরে ভাস্কর্য ভাঙচুরের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সন্দেহে আজ শনিবার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ওই কাউন্সিলরের ভাড়া বাড়ি থেকে তাঁদের ধরা হয়। তাঁরা ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ওই ১৮ জন গোপনে বৈঠক করছিলেন। সেখানে নাশকতা করার পরিকল্পনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের সন্দেহ, তাঁরা জেলার গুরুত্বপূর্ণ ভাস্কর্য ভাঙার মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।
পুলিশের সন্দেহ, তাঁরা (আটক ব্যক্তিরা) জেলার গুরুত্বপূর্ণ ভাস্কর্য ভাঙার মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।
আটক হওয়া কাউন্সিলরের নাম শিউলি খাতুন। অন্যদের মধ্যে রয়েছেন শহরের হঠাৎ পাড়ার মেহেদী হাসান (২২), গিয়াস আবদুল্লাহ আলী (১৮) ও সাখাওয়াত হোসেন (২২); সদর উপজেলার আশরাফপুর গ্রামের রাজু আহমেদ (২২), আবুল হাসান (২২) ও মাহাবুব মিয়া (১৮); কামদেবপুর গ্রামের আবুল বাশার (২০); চকশ্যামনগর গ্রামের সাইফুল ইসলাম (১৯); আলমপুর গ্রামের ইকবাল হোসেন (১৮) ও কোলা গ্রামের খালিদ সাইফুল্লাহ (৪৮)। বাকি ৭ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হলো না।
পুলিশ বলছে, বাড়িটি শিবিরের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে তাদের ৯ বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পাওয়া গেছে। জেলার ভাস্কর্যগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) এস এম মোরাদ আলী বলেন, বিজয়ের মাসে নাশকতা করার পরিকল্পনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই ১৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।