বঙ্গবন্ধুর তর্জনী একটা স্বাধীনতার চিহ্ন। তাঁর তর্জনীর দিকে তাকালে দেশপ্রেম জেগে ওঠে। নতুন প্রজন্মকে তাঁর তর্জনী সম্পর্কে ধারণা দিতে হবে। তবেই ইতিহাস টিকে থাকবে। সেটাকে আঘাত করে স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। এটা অন্যায়, অপরাধ।
কথাগুলো বলছিলেন কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে ভাস্কর্য তৈরির কারিগর ভাস্কর মাহবুব জামাল শামীম। ৩৬ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ভাস্কর্য ও ম্যুরাল তৈরি করেছেন। কিন্তু এমন ঘটনা কখনো দেখেননি তিনি।
মাহবুব জামাল বললেন, কোনো জায়গায় যখন ভাস্কর্য তৈরি করেছেন, সেখানে শত শত মানুষ জড়ো হয়ে তা দেখেছেন। কিন্তু ভাঙবে, এমন কখনো ভাবতেও পারেননি। তবে এভাবে ভাস্কর্য ভেঙে দমিয়ে রাখা যাবে না। ভাস্কর্যশিল্প থেমে থাকবে না। এই শিল্প থেমে গেলে ইতিহাস থমকে যাবে।
মাহবুব জামাল কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে পাঁচ রাস্তা মোড়ে ভাস্কর্য তৈরি করছেন। এর সঙ্গে তাঁর স্ত্রী জেসমিন মুন্না ও ছেলে মেঘদূতও সহযোগিতা করছেন। সদা হাস্যোজ্জ্বল মাহবুবের বাড়ি যশোরে। তিনি ঢাকা চারুকলা থেকে পড়াশোনা করেছেন। স্ত্রী জেসমিন মুন্নাও স্থাপত্যশিল্পে পড়াশোনা করেছেন। গতকাল সোমবার দুপুরে পৌরসভার পুকুরপাড়ে বসে মাহবুব জামাল ও জেসমিন মুন্নার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।
পৌরসভা সূত্র বলছে, পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য করার সিদ্ধান্ত হয়। পাঁচ রাস্তার মোড়ে অনেক আগে তৈরি করা শাপলার ভাস্কর্যের বদলে সেখানে তিনটি প্রধান সড়কের দিকে মুখ করে তিনটি ভাস্কর্য করা হচ্ছে। নিচের দিকে জাতীয় চার নেতার ম্যুরালও থাকবে। দরপত্রের মাধ্যমে ভাস্কর মাহবুব জামাল শামীম কার্যাদেশ পান। গত ১৭ নভেম্বর কাজ শুরু হয়েছে। পৌরসভার পুকুরপাড়ের পাশে খোলা জায়গায় ভাস্কর্যগুলোর কাজ চলছে।
ভাস্কর মাহবুব জামাল জানালেন, পাঁচ রাস্তার মধ্যে তিনটি রাস্তার দিকে মুখ রেখে তিনটি ভাস্কর্য নির্মাণ করা হবে। এর একটি মজমপুরের দিকে মুখ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেওয়ার একটি ভাস্কর্য, যেটির উচ্চতা সাড়ে ১০ ফুট। আরেকটি সাড়ে ১৩ ফুট উচ্চতার ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের হাসিমুখের একটি ভাস্কর্য। অপরটি গড়াই নদের মুখে মুখ করা ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে জাতীয় নেতা হয়ে ওঠার ভাস্কর্য।
৭ মার্চের ভাষণের ভাস্কর্যের কাজ ৯৮ শতাংশ শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে শুক্রবার রাতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ভেঙে ফেলে হয়। এটির অধিকাংশ অংশ পুনরায় তৈরি করা হবে। সেই কাজ আগামী বুধবার শুরু হবে। মঙ্গলবার দ্বিতীয় ভাস্কর্যটি স্থাপন করা হবে। কাজ থেমে নেই। এই কাজ থামার নয়।
জেলা গোয়েন্দা পুলিশ বলছে, জেলায় বঙ্গবন্ধু, লালন, রবীন্দ্রনাথ, নজরুলসহ মোট ২৩টি ভাস্কর্য ও ম্যুরাল রয়েছে। সব কটি ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে। সব কটিই সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।