ভাড়া কমলেও ভোগান্তি আগের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকআপে গাদাগাদি করে কাঁচপুরে যাচ্ছেন লোকজন। মঙ্গলবার দুপুর ১টায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে।
ছবি: প্রথম আলো

দাউদকান্দির গৌরীপুর থেকে মাইক্রোবাসে ৩০০, পিকআপে ১০০ টাকা মাথাপিছু ভাড়ায় নারায়ণগঞ্জের কাঁচপুরে যাচ্ছেন যাত্রীরা। যাত্রীদের চাপ কিছুটা কম। ভাড়াও কম। শুধু কমেনি ভোগান্তি। কারণ, চালকেরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন। গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী বহন করছেন। এই চিত্র মঙ্গলবারের।

অথচ সোমবার ঢাকার সায়েদাবাদ পর্যন্ত প্রাইভেট কার আর মাইক্রোবাসে ভাড়া ছিল মাথাপিছু ৫০০ টাকা। পিকআপের ভাড়া ছিল ২০০ টাকা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে রাজধানীর গুলিস্তান অথবা সায়েদাবাদ পর্যন্ত স্বাভাবিক সময়ে গণপরিবহনে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে ৫০ টাকা ভাড়া লাগত। আর কঠোর বিধিনিষেধের মধ্যে ১০০ থেকে ৩০০ টাকা ভাড়ায় ঢাকার কাঁচপুর পর্যন্ত পথ পাড়ি দিতে হচ্ছে।
মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ও বলদাখাল এলাকায় ঢাকামুখী যাত্রীদের সঙ্গে কথা বলে এমন পরিস্থিতির কথা জানা যায়।

বেলা ১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় কথা হয় নোয়াখালীর লক্ষ্মীপুর সদরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ঢাকার তৈরি পোশাক কারখানার কর্মী মিলন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটিতে গত ২০ জুলাই গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে সকালে স্ত্রী লাভলী আক্তার, শিশুমেয়ে সাদিয়া আক্তার, শিশুপুত্র জুনাইদ এবং প্রয়োজনীয় কাপড়চোপড় নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি ভেঙে ভেঙে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত পৌঁছাতে মাত্রাতিরিক্ত খরচ করেছেন। এখন মাইক্রোবাসে ঢাকার কাঁচপুর পর্যন্ত পৌঁছাতে জনপ্রতি ৩০০ টাকা ভাড়া দেন। কিন্তু প্রতিটি মাইক্রোবাসে গাদাগাদি করে ১০ থেকে ১৫ জন বসানো হচ্ছে।

নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানার শ্রমিক সোহেল রানা বলেন, ঈদের ছুটিতে ২৩ জুলাই তাঁর মা রিনা বেগম, বড় ভাই সোহাগ মিয়া, ছোট বোন সানজিনা, ভাতিজা মো. শান্ত, ভাতিজি সাবিরানকে নিয়ে নানির বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুরে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে সপরিবার নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। প্রচণ্ড গাদাগাদিতে কষ্ট করতে হয় তাঁদের।

চাঁদপুরের হাজীগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ঢাকার ভ্যানচালক আবদুর রহিম বলেন, দাউদকান্দির গৌরীপুর থেকে প্রচণ্ড রোদ্রের মধ্যে পিকআপে ১০০ টাকা ভাড়ায় গাদাগাদি করে ঢাকার কাঁচপুরে যাচ্ছেন। তিনি বলেন, তৈরি পোশাকশ্রমিকদের চাপ কমায় ভাড়া কমলেও ভোগান্তি কমেনি।

ঢাকাগামী পিকআপের চালক দাউদকান্দির চান্দেরচর গ্রামের বাসিন্দা মহসীন হোসেন বলেন, ২০ থেকে ২৫ যাত্রী পেলে আর পুলিশ ঝামেলা না করলে কঠোর বিধিনিষেধের সময় মাত্রাতিরিক্ত টাকা আয় করা যায়। আর পুলিশ ঝামেলা করলে তেলের টাকাও হয় না। খেয়ে না খেয়ে জীবন কাটাতে হয়।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের এস আই সুলতান উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। তবে চেকপোস্ট শিথিল করা হয়েছে।