ভাড়া বাসা থেকে কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার একটি ভাড়া বাসা থেকে পলি খাতুন (৩০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পলি খাতুন নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলামের স্ত্রী। তাঁর বাবার বাড়ি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায়। বাবার নাম আবুল কাশেম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মঞ্জুর কাদেরের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন পলি খাতুন ও তাঁর এক ভাগনি। পলি ল কলেজ থেকে পড়াশোনা শেষ করে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন। গতকাল সোমবার রাতে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলে ঘর বন্ধ করে ঘুমাতে যান পলি। সকালে তাঁর ভাগনি ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পান না। খবর পেয়ে পলির পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলির মরদেহ দেখতে পান। তাঁর বাবা আবুল কাশেম মরদেহটি মাটিতে নামান। খবর পেয়ে সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলির স্বামী শরিফুল ইসলাম বলেন, প্রায় পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের পর পলির সঙ্গে তাঁরা বিয়ে হয়। বিয়ের পর তাঁকে নাটোর শহরে বাসা ভাড়া করে রেখেছিলেন। তাঁর (পলি) মা–বাবা তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করছিলেন। এ নিয়ে পলি মানসিক চাপে ছিলেন।
এ অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বলেন, তাঁরা তাঁর মেয়েকে কোনো চাপে রাখেননি; বরং শরিফুলই তাঁকে নানা অশান্তির মধ্যে রেখেছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পলি খাতুনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। অন্য কারণও অনুসন্ধান করা হচ্ছে।