ভাড়া বৃদ্ধির দাবিতে সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিকেলে হঠাৎ করে অটোরিকশাচালকেরা স্লোগান দিয়ে সড়কে নামেন। নগরের মদিনা মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর দাবিতে চালকেরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে অটোরিকশার চালকেরা সড়কে নেমে প্রতিবাদ শুরু করেন। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দেড় কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়।

তবে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে সিলেটে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছে অধিক ভাড়া দাবি করে আসছিলেন। এর মধ্যে আজ বিকেলে নগরের মদিনা মার্কেট এলাকার সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে হঠাৎ করে অটোরিকশাচালকেরা স্লোগান দিয়ে সড়কে নামেন। এ সময় তাঁরা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর পাশের কালীবাড়ি অটোরিকশা স্ট্যান্ডের চালকেরাও বিক্ষোভে যোগ দেন। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের জলালাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে এলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই স্ট্যান্ড থেকে সিলেট নগরের আম্বরখানা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় হয়ে তেমুখী এলাকা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে।

ওই সড়কে নিয়মিত চলাচল করেন পাভেল আহমদ। তিনি বলেন, আগে মদিনা মার্কেট এলাকা থেকে তেমুখী পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ছিল ৫ টাকা। কিছুদিন আগে করোনার বিধিনিষেধের কারণে তিনজন যাত্রী পরিবহন করায় জনপ্রতি ১০ টাকা ভাড়া করা হয়। কিন্তু এখন অটোরিকশার চালকেরা জনপ্রতি ২০ টাকা ভাড়ার দাবি করছেন।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিকেল পৌনে পাঁচটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়
ছবি: প্রথম আলো

এ ব্যাপারে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, অটোরিকশাচালকদের অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে। এখন ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।