ভাড়া ভবনে চলে কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি অরক্ষিত

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ কার্যালয় থেকে সরকারি কোষাগারে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকা।

সুরক্ষিত ভবন না থাকায় দলিল-দস্তাবেজ ও নথিপত্রগুলো অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। সম্প্রতি তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা আশাশুনি উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ের নিজস্ব ভবন নেই। দীর্ঘদিন ধরে ভাড়া করা ভবনে কাজ চলছে। সংকীর্ণ স্থানে নথিপত্র ঠিকমতো সংরক্ষণ করা যায় না। অথচ প্রতিবছর এ কার্যালয় থেকে রাজস্ব আয় হয় কয়েক কোটি টাকা।

উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে আশাশুনি সদরে স্থাপিত হয় সাবরেজিস্ট্রার কার্যালয়। বিভিন্ন স্থান ঘুরে উপজেলা পরিষদের পুরোনো কমপ্লেক্স ভবনের দুটি কক্ষে ঠাঁই মেলে এ কার্যালয়ের। ২০১৬ সালে উপজেলা পরিষদের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে মানিকখালী খেয়াঘাট রোডের পাশে একটা ভাড়া বাড়িতে ঠাঁই হয় এ অফিসের।

সাবরেজিস্ট্রার কার্যালয়ের হিসাবমতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ কার্যালয় থেকে সরকারি কোষাগারে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকা।

৩০-৩৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি কক্ষে সাবরেজিস্ট্রার কার্যালয়। ওই কক্ষকে তিনটি ভাগে কার্যক্রম চলে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দলিলসহ মূল্যবান কাগজপত্র সংরক্ষণের জন্য ঘরটি খুবই ছোট। অনেক নথিপত্র মেঝেতে রাখা। সড়কের পাশে নির্মিত ভাড়া বাড়িতে নেই কোনো বাড়তি শেড বা ছাউনি।

কয়েক সেবাগ্রহীতা বলেন, দূরদূরান্ত থেকে দলিল রেজিস্ট্রি করতে আসা মানুষকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কখনো রোদে দাঁড়িয়ে থাকতে হয়। আবার কখনো বৃষ্টিতে ভিজতে হয়। অফিসের কর্মচারীদের জন্য একটা শৌচাগার রয়েছে। কিন্তু সেবা নিতে আসা লোকজন সেখানে যেতে পারেন না।

সাবরেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী প্রভাষ কুমার মণ্ডল বলেন, নিরাপদ ও সুরক্ষিত স্থানে রেজিস্ট্রি অফিস খুবই প্রয়োজন। সুরক্ষিত ভবন না থাকায় দলিল–দস্তাবেজ ও নথিপত্রগুলো অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে।

সাবরেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেন, তিনি চাকরিজীবনে কয়েকটি কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এমন ঝুঁকিপূর্ণ অফিস তাঁর নজরে প্রথম।

কাজী নজরুল ইসলাম আরও বলেন, গত নভেম্বরে এখানে যোগদানের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী ভবন নির্মাণের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। রাজস্ব আয়ের খাত ও সরকারি কাগজপত্র নিরাপদ রাখতে এখানে একটা ভবন দ্রুত বরাদ্দ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।