ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর মৃত্যুতে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার
রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রুহি আক্তার (১৯) নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি মিথুন ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিথুন উপজেলার ধামুর এলাকার এবাদত হোসেনের ছেলে।
একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে কোতোয়ালি থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মহানগর সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন বলেন, দায়িত্বে অবহেলার কারণে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাদীরা আক্তার ও কনস্টেবল আফরোজা বেগমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় রুহির বাবা সেকেন্দার আলী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মিথুনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে মেয়েটির মুঠোফোনের কল রেকর্ড যাচাই করে মিথুনকে শনাক্ত করা হয়। মিথুন নিজেকে আকাশ পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে প্রেম করতেন।
রুহি আক্তার ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার হরিয়ারঘাট গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। গত রোববার দুপুরে রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মেয়ে রুহির সঙ্গে রংপুর নগরের রাম গোবিন্দমোড় এলাকার মিথুন নামের এক তরুণের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের মার্চে মেয়েটি ঝিনাইদহ থেকে মিথুনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ঘোরাঘুরি করতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে মেয়েটির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
২২ জানুয়ারি আবারও মেয়েটি মিথুনের সঙ্গে দেখা করতে রংপুরে আসেন। মিথুনের মুঠোফোন বন্ধ পেয়ে মেয়েটি ঘোরাঘুরি করতে থাকেন। গত শনিবার মধ্যরাতে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পাশের হারাগাছ থানা-পুলিশ মেয়েটিকে উদ্ধার করে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। সেখানে থাকা অবস্থায় রোববার দুপুরের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের দাবি।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, এটি একটি আত্মহত্যা। মেয়েটির পরিবারকে খবর দেওয়ার পর তারা ঝিনাইদহ থেকে এসেছে। মেয়েটির বাবা সেকেন্দার আলী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মিথুনের নামে গতকাল থানায় মামলা করেন।