ভিক্ষাকে 'না' বললেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলাকে ভিক্ষুকমুক্ত করতে দ্বিতীয় দফায় নগরের ৬১৫ জন ভিক্ষুককে বিভিন্ন উপকরণ দিয়ে পুনর্বাসন করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে নগরের সার্কিট হাউস মাঠে উপকরণগুলো ভিক্ষুকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভিক্ষুকেরা আর ভিক্ষা না করে পরিশ্রম করে উপার্জন করার শপথ নেন।

এসব ভিক্ষুকের মধ্যে কর্মক্ষমতা ও চাহিদা অনুযায়ী দেওয়া হয়েছে বিভিন্ন উপকরণ ও টাকা। ওই সব উপকরণ দিয়ে তাঁরা নতুনভাবে কর্মজীবন শুরু করবেন। এ ছাড়া ৩৬৯ জন সম্পূর্ণ অক্ষম ভিক্ষুককে নেওয়া হয়েছে রেশনিংয়ের আওতায়। তাঁদের প্রতি মাসে দেওয়া হবে চাল, লবণ, ডাল, তেল ও টাকা।

জেলা প্রশাসন আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

লিকিলিকে গড়নের শরীর নিয়ে ওই উপকরণ নিতে এসেছিলেন বিবি খাতুন। ৪৫ বছর বয়সেও শরীরে বার্ধক্যের ছাপ। মুখটিও শুকিয়ে গেছে না খেতে পেয়ে। নগরের খালিশপুর ১ নম্বর শিয়া মসজিদ এলাকায় তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন তিনি। এক যুগ আগে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তাঁদের ফেলে রেখে চলে যান স্বামী। এরপর ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েন বিবি খাতুন।

সংসার চালাতে ও ছেলেমেয়েদের মানুষ করতে ভিক্ষাবৃত্তিকেই বেছে নেন তিনি। ১০ বছরের বেশি সময় ধরে নগরের খালিশপুর ও অন্যান্য এলাকায় ভিক্ষা করেই সংসার চালাতেন বিবি খাতুন। তাঁকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনতে জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে ১টি ভ্যান, ১টি দাঁড়িপাল্লা ও ৩০০ টাকা। এ টাকা দিয়ে সবজি কিনে এলাকায় ভ্যানে করে তা বিক্রি করবেন তিনি। ভ্যান ও টাকা নিয়ে কী করবেন জানতে চাইলে গালভরা হাসি নিয়ে বিবি খাতুন বলেন, ‘ব্যবসা করব। আর ভিক্ষা করব না।’

এর আগে গত নভেম্বরে প্রথম দফায় জেলাকে ভিক্ষুকমুক্ত করতে ৫৪৪ জনকে বিভিন্ন উপকরণ দিয়ে পুনর্বাসন করা হয়।