ভিজিএফের চাল গরমিলের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পটুয়াখালী সদর উপজেলায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চালের হিসাবে গরমিলের ঘটনায় করা মামলায় ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলেদের ভিজিএফের চালের হিসাব দিতে না পারায় ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। সদর উপজেলার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বাদী হয়ে ১৩ মে রাতে মামলাটি করেন।
ছোট বিঘাই ইউপির সদস্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছোট বিঘাই ইউনিয়নের তালিকাভুক্ত জেলের সংখ্যা ৪৫০। এই জেলেদের জন্য দুই মাসের ভিজিএফের ৮০ কেজি করে মোট ৩৬ টন চাল বরাদ্দ হয়। গত বৃহস্পতিবার স্থানীয় ভুতু মিয়া বাজারে বসে চাল বিতরণ শুরু হলে বরাদ্দের চেয়ে চাল কম আনা হয়েছে বলে ইউপি সদস্যদের সন্দেহ হয়। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের হট্টগোল শুরু হলে চাল বিতরণে জটিলতা দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। ইউএনও ঘটনাস্থলে গিয়ে ১৩ বস্তা চাল (৬৫০ কেজি) চাল কম পান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার পর চেয়ারম্যান পলাতক ছিলেন। গোপনে খবর পেয়ে আজ দুপুরে কালিকাপুর ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।