ভিজিডি কর্মসূচির প্যাকেটে চাল কম, বিতরণ স্থগিত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে ভিজিডি কর্মসূচির প্যাকেটে চালের পরিমাণে কম থাকার অভিযোগ উঠেছে। প্রতি প্যাকেটে ৩০ কেজি চাল থাকার কথা থাকলেও রয়েছে ২৭ কেজি করে। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ইউনিয়নে চাল বিতরণ স্থগিত করে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় লোকজন ও সুবিধাভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি কর্মসূচির অধীনে উপজেলার সাতটি ইউনিয়নে ২ হাজার ১১১ জন সুবিধাভোগী ব্যক্তি রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির সেপ্টেম্বর মাসের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বার্থী ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে চাল বিতরণের কথা ছিল। বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা গত বৃহস্পতিবার উপজেলা খাদ্যগুদাম থেকে ৩৫১টি প্যাকেট (প্রতি প্যাকেটে ৩০ কেজি) নিয়ে ইউনিয়ন পরিষদের গুদামে রাখেন। তবে সুবিধাভোগী লোকজন ইউএনও মো. মাহবুব আলমের কাছে অভিযোগ করেন যে প্যাকেটে তিন কেজি করে চাল কম আছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বেলা ১১টায় ইউএনও ও উপজেলা ভিজিডি কমিটির সভাপতি মাহবুব আলম, সদস্যসচিব ও মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা খানম এবং খাদ্যপরিদর্শক অশোক কুমার চৌধুরী খাদ্যগুদাম পরিদর্শন করেন।
খাদ্যপরিদর্শক অশোক চৌধুরী বলেন, ভিজিডির চালের প্যাকেটের সংখ্যা গণনা এবং প্যাকেটের ওজন পরিমাপ করা হয়েছে। ৩৫১ প্যাকেটে প্রায় এক টন চাল কম পাওয়া গেছে। অর্থাৎ প্যাকেটপ্রতি তিন কেজি করে চাল কম রয়েছে। এ ঘটনার পর চাল বিতরণ স্থগিত করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা প্যাকেটে চাল কম থাকার কথা স্বীকার করে বলেন, ‘গুদাম থেকে চাল গ্রহণের সময় আমার প্রতিনিধি থাকে। তারা মূলত প্যাকেট গুনে নেয়, কিন্তু ওজন পরিমাপ করেনি। উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীরা গুদামের মধ্যেই নতুনভাবে প্যাকেট করে সরবরাহ করে থাকেন। মাপে কম দেওয়ার সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীরাই জড়িত।’
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মিনার কান্তি বৈদ্য বলেন, ‘ইউপি চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে চাল পরিমাপ করে স্বাক্ষর দিয়ে বুঝে নেন। গুদামের বাইরে কী হয়েছে, সে দায় আমার নয়।’
ইউএনও মো. মাহবুব আলম বলেন, ‘প্যাকেটে চালের পরিমাণ কম আছে। এ ঘটনায় গুদাম কর্মকর্তার অবহেলা রয়েছে বলে আমার মনে হচ্ছে।’