ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দীরা: কাশিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

পরিবারের সঙ্গে সপ্তাহে এক দিন মুঠোফোনে কথা বলার পাশাপাশি কারাবন্দীদের জন্য ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় দেশের ৬৮টি কারাগারের বন্দীদের কোভিড-১৯–এর টিকার আওতায় আনা হয়েছে। করোনার কারণে বন্দীদের দেখাসাক্ষাৎ বন্ধ থাকায় তাঁদের পরিবারের সঙ্গে সপ্তাহে এক দিন ১০ মিনিট মুঠোফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। মুঠোফোনে কথা বলার পাশাপাশি ভিডিও কলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

আজ রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে ১২তম ডেপুটি জেলার ব্যাচ ও ৫৯তম কারারক্ষী ও নারী কারারক্ষী ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই ২০০ বছরের ইতিহাসে সকালের নাশতায় রুটি ও গুড়ের পরিবর্তে সপ্তাহে চার দিন সবজি-রুটি, দুই দিন খিচুড়ি ও এক দিন হালুয়া-রুটি দেওয়া হচ্ছে, যা যুগান্তকারী পরিবর্তন। বাংলা নববর্ষসহ বিশেষ দিবসগুলোয় উন্নত মানের খাবারের জন্য বন্দীপ্রতি বরাদ্দ বাড়ানো হয়েছে। কারাগার এখন কেবল শাস্তি কার্যকর করার জায়গা নয়, বরং বন্দীদের বিভিন্ন ধরনের কর্মমুখী প্রেষণামূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে সমাজের মূলধারায় ফিরিয়ে দেওয়ার মতো গুরুদায়িত্ব পালন করছে কারাগারগুলো।

আসাদুজ্জামান খান বলেন, আজকের বাংলাদেশ ও জেল সমানতালে এগিয়ে চলছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর ইচ্ছায় কারা বিভাগের একটি অংশের বেতনকাঠামো ও পদমর্যাদার উন্নয়ন করা হয়েছে। কারাগারের জনবল বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ দ্বারা আপনাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তাই জনসেবাকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা পদায়নকৃত কারাগারে গিয়ে তা কার্যকর করবেন। আদেশ পালনের ব্রত নিয়ে দায়িত্ববোধ জাগ্রত করে কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, বন্দীদের সঙ্গে মানবিক আচরণ, বন্দীদের সংশোধন, পুনর্বাসনসহ যুগোপযোগী কারা ব্যবস্থাপনা নিশ্চিত করে কারা বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।’

এ সময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ আবরার হোসেন, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী রিক্রুট ডেপুটি জেলারদের র‌্যাঙ্ক ব্যাজ পরান এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কারাগারের পক্ষ থেকে কারা মহাপরিদর্শক স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন।