ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে আবারও ধর্ষণ, গ্রেপ্তার ৫
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই পাঁচ তরুণকে ধরে পুলিশে সোপর্দ করেন।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণির এক ছাত্রী সোমবার বিকেলে নিজ গ্রামের মাঠে ছাগল চরাতে যায়। এ সময় পাঁচ তরুণ তাকে আখের জমির ভেতরে ধরে নিয়ে যান। তরুণদের মধ্যে মিঠুন হোসেন (২২) নামের একজন তাকে ধর্ষণ করার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে লোকজন তাঁদের আটক করে পুলিশকে খবর দেন।
পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। আটক অন্য তরুণেরা হচ্ছেন আশরাফুল ইসলাম (২০), মুন্না সরকার (২১), সাব্বির হোসেন (২২) ও রাকিবুল ইসলাম (২০)। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
মেয়েটির বাবা বলেন, প্রায় এক মাস আগে মাঠে ছাগল চরাতে গেলে মিঠুন হোসেন তাঁর মেয়েকে আখখেতে নিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও তাঁর বন্ধুদের সরবরাহ করেন। ভিডিও বাইরে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েকে আবারও মাঠে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মেয়েটির বাবার অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং ম্যাজিস্ট্রেটের কাছে তার জবানবন্দি লিপিবদ্ধ করা হবে।