‘ভিনদেশি বধূ’কে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন রাকিব
গ্রামের মাঠে কয়েক শ মানুষের ভিড়। তাঁদের সামনে এসে নামল একটি হেলিকপ্টার। সেখান থেকে নামলেন গ্রামের ছেলে রাকিব হাসান (২৬)। তাঁর সঙ্গে ভিনদেশি স্ত্রী আলিসা থেওডোরা। স্ত্রীর কোলে ছয় মাসের ছেলেসন্তান ইলিয়াস হাসান।
গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারসংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ছেলে, ছেলের বউ ও নাতিকে বরণ করে নেন রাকিবের বাবা শহিদুল ইসলাম, মা নাসরিন জাহান ও স্বজনেরা। এরপর ঘোড়ার গাড়িতে করে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শহিদুল ইসলামের বাড়ি উলালবাটনা গ্রামে। তিনি চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শহিদুল ইসলাম আগে ইতালিপ্রবাসী ছিলেন। ২০১১ সালে বাবার সঙ্গে ইতালিতে যান রাকিব। সেখান থেকে ২০১২ সালে যান জার্মানিতে। সেখানে একটি কোম্পানিতে চাকরি করেন রাকিব। কয়েক বছর আগে তাঁর পরিচয় হয় জার্মান তরুণী আলিসা থেওডোরার সঙ্গে। এভাবে জানাশোনা, ভালো লাগার পর প্রেম হয় তাঁদের মধ্যে। ২০২০ সালের ১৫ মার্চ বিয়ে করেন রাকিব ও আলিসা। দূরদেশে অনুষ্ঠিত এ বিয়েতে কনেপক্ষের লোকজন উপস্থিত থাকলেও, বরপক্ষের কেউ অংশ নিতে পারেননি। রাকিবের ইচ্ছা ছিল, বিয়ের কিছুদিনের মধ্যেই নববধূকে সঙ্গে নিয়ে দেশে এসে ধুমধাম করে অনুষ্ঠান করার। কিন্তু তাঁর সেই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় মহামারি করোনা। অপেক্ষা করতে থাকেন তাঁরা। তত দিনে রাকিব-আলিসা দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে ছেলেসন্তান। এত দিনে প্রতীক্ষার পালা শেষ হলো। স্ত্রী ও ছয় মাস বয়সী ছেলেকে নিয়ে গত শুক্রবার জার্মানি থেকে দেশে ফেরেন রাকিব। এরপর গতকাল দুপুরে হেলিকপ্টারে চেপে উড়ে আসেন বরিশালে। ৯ মার্চ হবে তাঁদের গায়েহলুদ। ১১ মার্চ বউভাতের আয়োজন করা হয়েছে।
রাকিবের স্ত্রী আলিসা থেওডোরা পেশায় একজন নার্স। আলিসার সঙ্গে এসেছেন তাঁর এক জার্মান বান্ধবীও।
শহিদুল ইসলামের দুই ছেলে-মেয়ের মধ্যে রাকিব বড়। তিনি বলেন, ‘আলিসাকে পছন্দ করার পর রাকিব আমাদের জানায়। পরে ভিডিও কলে আমরা কনে দেখি এবং বিয়েতে সম্মতি দিই।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘ছেলের বিয়ে উপলক্ষে তখন কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। এতে আক্ষেপ ছিল। তাই ১১ মার্চ বাড়িতে বউভাতের আয়োজন করেছি। তবে ছেলের বউকে দেখতে গতকাল থেকে শত শত মানুষ বাড়িতে আসছেন। তাঁদের মিষ্টিমুখ করানো হচ্ছে।’
করোনার কারণে জার্মানিতে নানা বিধিনিষেধের মধ্যে থাকতে হয়েছে রাকিব-আলিসা দম্পতিকে। রাকিব হাসান বলেন, ‘টানা বিধিনিষেধে হাঁপিয়ে উঠেছিলাম। তা ছাড়া ছেলেকে দেখতে ব্যাকুল হয়ে উঠেছিলেন দাদা-দাদি। অবশেষে তাঁদের আশা পূরণ হলো।’
রাকিব আরও বলেন, ‘দেশে আসার জন্য আমরা বিয়েবার্ষিকীর দিনটা ঠিক করে রাখি। সেভাবে ছুটি নিয়ে এসেছি। দেশের মাটিতে পা রাখার পর কী যে ভালো লেগেছে, তা বলে বোঝাতে পারব না। আলিসা প্রথম বাংলাদেশে এসেছে। এখানকার পরিবেশ, মানুষের আন্তরিকতা ও অভ্যর্থনায় মুগ্ধ সে।’