ভিন্ন ইস্যু নিয়ে মাঠে কাদের মির্জা, সাংবাদিক বুরহান হত্যার ঘটনাস্থলে পিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাদের মির্জা
ফাইল ছবি

কেন্দ্রের নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত আছে। এ অবস্থায় নতুন পন্থায় বসুরহাটের মাঠ গরম রাখার চেষ্টা করছেন সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এর অংশ হিসেবে আজ বুধবার সকাল নয়টার দিকে তিনি পৌরসভার লোকজন ও কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে পৌর এলাকায় করোনাভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রচারণা চালান। তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি হ্যান্ডমাইকে টিকা নেওয়ার ঘোষণা প্রচার করেন। এই আয়োজন কাদের মির্জার একাধিক অনুসারী ফেসবুকে লাইভ প্রচার করেন।

ফেসবুকে লাইভ প্রচার করা ওই ভিডিও চিত্রে দেখা যায়, প্রচারণার একপর্যায়ে কাদের মির্জা তাঁর এক অনুসারী দলীয় কর্মীকে ডেকে বলছেন, ‘আজ তুমি গিয়ে শক্ত হয়ে অফিসে বসে থাকবে।’ এ কথা বলার পাশাপাশি কাদের মির্জা ওই কর্মীকে আরও কিছু নির্দেশনা দেন। এই কথাগুলো স্পষ্ট নয়।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত

আজ সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে কোম্পানীগঞ্জ উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিঠিতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দিবস ও জাতীয় কর্মসূচি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ থেকে বিরত থাকার জন্য সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সাম্প্রতিক সময়ের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সব কর্মসূচি বাদ দিয়ে সহনশীল আচরণ বজায় রাখার জন্য আহ্বান জানান জেলা সভাপতি।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুসারে সাংগঠনিক কার্যক্রম স্থগিত আছে। এ সময় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতা সভা-সমাবেশ, এমনকি ফেসবুক লাইভে এসে বক্তৃতা ও বিবৃতি প্রচার করতে পারবেন না। কেউ যদি তা করেন, তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক বুরহান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে পিবিআই

কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষের ঘটনাস্থল এবং সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ সংস্থার একটি দল আজ দুপুরের দিকে ঘটনাস্থলে যান।

মিজানুর রহমান মুন্সী দুপুরে ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিনিসহ সংস্থার একটি দল ঘটনাস্থলে গেছে। এখানকার লোকজনের সঙ্গে কথা বলে শুক্রবারের ঘটনাটি জানার চেষ্টা করছেন তাঁরা। এ ছাড়া সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানায় গিয়ে তাঁরা মামলার সব কাগজপত্র বুঝে নেবেন।