দরপত্রের মূল্যায়ন প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করে এর অসংগতি তুলে ধরায় চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা সুফী মো. শোয়েব চট্টগ্রাম বন্দরের কম্পিউটার বিভাগের প্রধান। তাঁর পদের নাম সিস্টেম এনালিস্ট।
‘এক্সেস কন্ট্রোল এনহ্যান্সমেন্টস, পেরিমিটার কন্ট্রোল উইথ অটোমেটিক পার্কিং এক্সেস সিস্টেম ফর পোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং’ শীর্ষক সোয়া দুই কোটি টাকার এ দরপত্রের বিজ্ঞপ্তি গত এপ্রিল মাসে প্রকাশ করা হয়। মূলত বন্দর ভবনের কার শেডে গাড়ি প্রবেশ ও বের হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করার জন্য (ভৌত অবকাঠোমো ও সফটওয়্যার স্থাপন) এ দরপত্র আহ্বান করা হয়। গত ৩ মে এই দরপত্র খোলা হয়। মেসার্স টোটালটেল প্রাইভেট লিমিটেড নামের একটিমাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। বন্দরের সিস্টেম এনালিস্টসহ মোট সাতজন সরকারি কর্মকর্তা (দুজন অন্য প্রতিষ্ঠানের) এই দরপত্রের কারিগরি মূল্যায়ন কমিটির সদস্য।
মূল্যায়ন প্রতিবেদনে ওই কর্মকর্তা উল্লেখ করেছেন, একটি প্রতিষ্ঠান অংশ নেওয়ায় বন্দর প্রতিযোগিতামূলক দর থেকে বঞ্চিত হয়েছে। এ কাজের প্রাক্কলন তৈরি করা (ব্যয় নির্ধারণ) নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দরপত্রের বিষয়ে বন্দরের মাসিক সমন্বয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার মত দেন এই কর্মকর্তা।
দরপত্রের মূল্যায়ন কমিটির কোনো সদস্য দ্বিমত করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কি না, তা জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কমিটির যেকোনো সদস্য ভালো মনে করলে মতামত দিতে পারেন। এ ধরনের কমিটিতে মতামত দেওয়ার জন্য কখনো কেউ বরখাস্ত হয়েছেন বলে শুনিনি। এটা পারেও না। এটা তারা (বন্দর কর্তৃপক্ষ) বাড়াবাড়ি করেছে। মতামত দেওয়ার জন্য যারা ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছে, তাদের বরং শাস্তি হওয়া উচিত।’
বন্দরের আদেশে বলা হয়, সুফী মো. শোয়েব মূল্যায়ন প্রতিবেদনে যে মতামত বা পর্যবেক্ষণ দিয়েছেন, তা প্রাথমিকভাবে প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক এবং সরকারি কর্মকর্তাদের ‘কোড অব কন্ডাক্ট’-এর পরিপন্থী। বন্দর কর্তৃপক্ষের চাকরি প্রবিধানমালা ৪৫ (১) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বন্দরের পর্ষদ সদস্য (অর্থ) যুগ্ম সচিব মো. কামরুল আমিন এই আদেশে সই করেন। গত শনিবার নিজ কার্যালয়ে তিনি প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। এটি প্রশাসনের একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।
তবে সরকারি কেনাকাটা-সংক্রান্ত গণ খাতে ক্রয়বিধির (পিপিআর) দরপত্র মূল্যায়নসংক্রান্ত ৯৮ ধারায় বলা হয়েছে, মূল্যায়ন কমিটির কোনো সদস্য যদি অন্য সদস্যদের সুপারিশের সঙ্গে একমত পোষণ না করেন, তবে তিনি ভিন্নমত পোষণ করার কারণ সবিস্তারে বর্ণনা করে তাঁর মতামত প্রদান করতে পারবেন।
বন্দর সূত্র জানায়, সাত সদস্যের মূল্যায়ন কমিটিতে আরও দুজন সদস্য ওই কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করেন। তাঁরা হলেন বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও উপপরিচালক (নিরাপত্তা) মেজর মো. রেজাউল হক। এ ছাড়া আরও দুজন কর্মকর্তা ওই মূল্যায়ন প্রতিবেদনে সই করেননি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম দক্ষিণের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল আলম ওই মূল্যায়ন প্রতিবেদনে সই করেননি বলে প্রথম আলোকে জানান।
দরপত্র দিয়ে এক কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে চট্টগ্রাম বন্দরের সাবেক পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাদী হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, পিপিআর অনুযায়ী মূল্যায়ন কমিটির যেকোনো সদস্য দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ভিন্নমত পোষণ করতে পারেন। এ ঘটনা বন্দর কর্মকর্তাদের মধ্যে ভীতি ছড়াবে।