রংপুরের বদরগঞ্জে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘ভীমের গড়’ কেটে সরকারি প্রকল্পের অধীনে ভূমিহীনদের ঘর নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে গড়ের ওপরে গজারিসহ অসংখ্য গাছপালা কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় আশরাফুল কবীর নামের এক ব্যক্তি ওই গড় রক্ষার দাবিতে রংপুরের জেলা প্রশাসক বরাবর গত মঙ্গলবার লিখিত আবেদন করেছেন।
উপজেলার গোপালপুর ইউনিয়নের আইড়মারী ও বারোঘরিয়া গ্রামের পাশে ভীমের গড়ের অবস্থান। সমতল ভূমি থেকে গড়ের উচ্চতা ১৫-২০ ফুট। প্রস্থ ৫০-৬০ ফুট। লিখিত অভিযোগে বলা হয়েছে, গড়ের গজারিসহ অন্য বড় গাছপালা ও গড় কেটে সমান করে ওপরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে বাড়ি করে দেওয়া হচ্ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
ইতিমধ্যে এলাকার প্রায় এক কিলোমিটার গড় কেটে সমান করেছি। গাছগুলো এলাকার লোকজন নিয়ে গেছে।
গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, লাল মাটির তৈরি ভীমের গড় কেটে সমান করা হচ্ছে। শ্রমিকদের সর্দার নুর মোহাম্মদ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউএনওর নির্দেশে কর্মসৃজনের ৩০৯ জন শ্রমিক দিয়ে ১০ দিন ধরে কাজ চলছে। সঙ্গে এক্সকাভেটরও রয়েছে।
শ্রমিক জাহিদুল হক বলেন, ‘ইতিমধ্যে এলাকার প্রায় এক কিলোমিটার গড় কেটে সমান করেছি। গাছগুলো এলাকার লোকজন নিয়ে গেছে।’
রঙ্গপুর গবেষণা পরিষদের প্রকাশিত রঙ্গপুরের প্রত্নসম্পদ শিরোনামে লেখা বইয়ে ভীমের গড় সম্পর্কে বলা হয়েছে, রংপুর সদরের ৮ কিলোমিটার পশ্চিমে এবং শ্যামপুর রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার পূর্বদিকে গোপালপুরের শিবপুর মৌজায় বিশাল স্থানব্যাপী একটি গড় আছে, যা ভীমের গড় নামে খ্যাত। এটি একটি মাটির দুর্গ। প্রায় ১০-১২ ফুট উঁচু রক্তবর্ণ মাটির প্রাকারবেষ্টিত। গড়ের জমির পরিমাণ ৫ হাজার ৩৮৭ একর। এটি প্রাচীন আমলের একটি নিদর্শন। ভীম ছিলেন পাল আমলে কৈবর্ত বিদ্রোহের অন্যতম নায়ক।
ওই বইয়ে উল্লেখ করা হয়েছে, একাদশ শতকে কৈবর্ত বিদ্রোহের পরে যুদ্ধে জয়লাভ করে ভীম রাজ্য রক্ষার জন্য বেশ কয়েক স্থানে দুর্গ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, যার একটি ছিল ভীমের গড়।
তবে ভীমের গড় প্রাচীন ঐতিহ্য হিসেবে সরকারিভাবে স্বীকৃত নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। তিনি বলেন, গড়টির অনেক স্থান মানুষ দখল করে নিয়েছে। উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে ওই গড়ের ওপরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। গড়ের ওপর আপাতত ৪০টি বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘গড়ের গাছপালা কেটে আপাতত স্তূপ করে রাখতে বলেছি। গাছের বিষয়ে খোঁজ নিয়ে দেখব। কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে সরকারি কাজ বাস্তবায়নে কোনো বাধা নেই।’ মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘ভীমের গড়টা আসলে কী?’ পরে এ প্রতিনিধিদের কাছ থেকে সব শুনে তিনি বলেন, বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলব।