ভুট্টাখেতে হাত বাঁধা অবস্থায় পড়ে ছিল শিশুর লাশ
নওগাঁর মান্দায় হাত বাঁধা অবস্থায় ইউসুফ আলী (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার উপজেলার গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিলের একটি ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইউসুফ আলী উপজেলার কাশোপাড়া ইউনিয়নের ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে উপজেলার আন্দরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। শিশুটির লাশের এক চোখ ওপড়ানো ও গোপনাঙ্গ কাটা ছিল।
ইউসুফের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ইউসুফ বাড়িতে এলে তার মা তাকে মাছের তরকারি দিয়ে ভাত খেতে দেয়। কিন্তু সে মার কাছে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য জেদ ধরে। ছেলের আবদার পূরণ করতে তার মা শিরিনা আখতার মুরগির মাংস রান্না করতে শুরু করেন। ওই সময় ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার মাকে বলে যায়, আধা ঘণ্টা পর ফিরে এসে সে ভাত খাবে।
কিন্তু বাড়ি থেকে বের হওয়ার অনেকক্ষণ পরও ছেলে ভাত খেতে বাড়িতে না ফেরায় তার মা তাকে খোঁজ করতে শুরু করেন।
সন্ধ্যা হয়ে গেলেও খোঁজ না মেলায় এলাকায় ইউসুফের হারিয়ে যাওয়ার বিষয়ে মাইকিংও করা হয়। সকাল ১০টার দিকে পাশের গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিল মাঠের ভুট্টাখেতে স্থানীয় লোকজন ইউসুফের লাশ দেখতে পেয়ে স্বজনদের কাছে খবর পাঠান। পরে দুপুর ১২টার দিকে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, হাত বাঁধা অবস্থায় ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাঁ চোখ উৎপাটন করা হয়েছে এবং গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।