ভুবনেশ্বর নদে মাছ ধরার উৎসব
ফরিদপুরের চরভদ্রাসনের ভুবনেশ্বর নদ সবার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ। এরপর নদে হাজার হাজার মানুষ মাছ ধরার উৎসবে মেতে ওঠেন।
সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাছ ধরার জন্য নদটি উন্মুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন দলে দলে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নদের পাড়ে সমবেত হন।
সমবেত মানুষের উদ্দেশে সাংসদ মজিবুর রহমান বলেন, ‘এই নদ বিভিন্ন সময় সরকারিভাবে ইজারা দেওয়া হয়। এক যুগেরও বেশি সময় ধরে এই নদে আপনারা মাছ মারতে পারেননি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এই নদ মাছ ধরার জন্য উন্মুক্ত করার কথা দিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রতিবছর সরকারের ইজারার টাকা পরিশোধ করে দেব। আজ আপনাদের সামনে ওয়াদা করছি, আমি যত দিন বেঁচে আছি, তত দিন পর্যন্ত এই নদে আপনারা অবাধে মাছ ধরতে পারবেন।’
পরে সাংসদ নদে মাছ ধরার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগীর হোসেন, জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী প্রমুখ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর তিন হাজারের বেশি মানুষ পলো, জালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাছ ধরতে নামেন।
মো. আইয়ুব আলী নামের এক ব্যক্তি ১২ কেজি ওজনের বোয়াল ধরেন। অনুকূল বিশ্বাস নামের আরেকজন আট কেজি ওজনের রুই মাছ ধরেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। চাইলেই বড় মাছ কিনে ছেলেমেয়েদের খাওয়াতে পারি না। আজ বউ, ছেলেমেয়েকে নিয়ে পেট ভরে মাছ-ভাত খেতে পারব। বেজায় খুশি লাগছে।’