ভূমি অধিগ্রহণ নিয়ে অসত্য তথ্য দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান
ছবি:সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এতে বলা হয় তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব না দিলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ওই নোটিশে চেয়ারম্যান সেলিম খানকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণের বিষয়ে কেবল একবার প্রাক্কলন তৈরি করা হয়েছে। উক্ত প্রাক্কলনের বিরুদ্ধে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে রেট দায়ের করেন। অথচ মাই টিভিতে বক্তব্য প্রদানের সময় আপনি বলেছেন, ‘আমরা কোনো রেট দিই নাই, আগের রেটটাও ডিসি সাহেব করেছে, পরেরটাও ডিসি সাহেব করেছে।’

ডিসির স্বাক্ষর করা ওই নোটিশে আরও উল্লেখ করা হয়, অধিগ্রহণের জন্য প্রস্তাবিত এলাকায় ভূমির মালিক ও রিটকারী হিসেবে জেলা প্রশাসক কর্তৃক একবার প্রাক্কলন তৈরি করা হয়েছে জেনেও আপনি টিভি চ্যানেলে আগের রেট, পরের রেট অর্থাৎ দুই রেট উল্লেখ করে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বিধায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ নোটিশের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,‘ টিভিতে অসত্য বক্তব্য প্রদানের কারণে আমরা চেয়ারম্যান সেলিম খানের কাছে কাছে জবাব চেয়ে চিঠি দিয়েছি।’

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের বাড়ি মেঘনা নদীর খুব কাছে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য সেখানে তিনি জমি ঠিক করে রাখেন। সেখানে তিনি ৬২ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেন। সেখানেসেলিম খান, তাঁর ছেলেমেয়েসহ অন্যান্য জমির মালিকেরা অস্বাভাবিক উচ্চমূল্যে দলিল তৈরি করেছেন। ফলে ওই জমি অধিগ্রহণে সরকারের ব্যয় বেড়ে ৫৫৩ কোটি টাকা দাঁড়ায়। এই টাকা হাতিয়ে নিতে চেয়ারম্যান সেলিম খান উচ্চ আদালতে রিটও করেন।

ওই মৌজায় জমির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় জেলার কানুনগো ও সার্ভেয়ারদের সমন্বয়ে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, অধিগ্রহণ প্রস্তাবিত ও পূর্বে অধিগ্রহণ করা দাগগুলোর জমির হস্তান্তর মূল্য অস্বাভাবিক।

ভূমি মন্ত্রণালয়ে পাঠানো জেলা প্রশাসকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই মৌজায় জমির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় জেলার কানুনগো ও সার্ভেয়ারদের সমন্বয়ে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, অধিগ্রহণ প্রস্তাবিত ও পূর্বে অধিগ্রহণ করা দাগগুলোর জমির হস্তান্তর মূল্য অস্বাভাবিক। এ ছাড়া এটি উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় জনস্বার্থ ও সরকারি অর্থ সাশ্রয়ে অস্বাভাবিক উচ্চমূল্যে সৃজন করা দলিল ছাড়া ১১৫ নম্বর লক্ষ্মীপুর মৌজার অন্যান্য সাফকবলা দলিল বিবেচনায় নিয়ে ১৯৩ কোটি ৯০ লাখ টাকা অধিগ্রহণের প্রাক্কলন প্রস্তুত করা হয়। আর উচ্চমূল্যের সেই দলিলগুলো বিবেচনায় নিয়ে প্রাক্কলন তৈরি করলে সরকারের ৩৫৯ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হতো।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে সরকারি অর্থ লোপাটের পরিকল্পনা ফাঁস হওয়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

সরকারি অর্থ সাশ্রয়ের পক্ষে অবস্থান নেওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ একটি অংশ এর প্রতিবাদ করেন। অপর দিকে তার বিপক্ষে অবস্থান নেয় আওয়ামী লীগের আরেকটি অংশ।