সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর ওপর ১৪১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর জন্য সরকারের অধিগ্রহণ করা ভূমির মালিকেরা সাড়ে তিন বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি। এ ব্যাপারে ভূমি মালিকেরা সম্প্রতি সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে টাকা পেতে আবেদন করেছেন।
লিখিত আবেদন সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখলের (মামলা নম্বর ০৪/২০১৫-২০১৬) ক্ষমতাবলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু নির্মাণের জন্য শাহীন তালুকদারের ০.৪৫৭৫ একর ও জাহাঙ্গীর আলমের ০.৪৬৬০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি শাহীন তালুকদার ও একই বছরের ৩ এপ্রিল জাহাঙ্গীর আলম প্রয়োজনীয় দালিলিক কাগজপত্র জমা দিয়ে ক্ষতিপূরণের টাকার জন্য আবেদন করেন। সেই টাকা এখন পর্যন্ত পাননি তাঁরা।
ভুক্তভোগী ভূমির মালিক শাহীন তালুকদার ও জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তাঁদের জমি নিষ্কণ্টক, সব কাগজপত্র আইনগতভাবে সঠিক ও যথার্থ। অহেতুক তাঁদের হয়রানি ও টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। নিরুপায় হয়ে তাঁরা ক্ষতিপূরণের টাকা পেতে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ভূমি অধিগ্রহণের বিষয়ে ভূমির মালিকদের কাগজপত্র সঠিক থাকলে এত দিন বিলম্ব হওয়ায় কথা নয়। মনে হচ্ছে তাঁদের মালিকানা কাগজপত্রে জটিলতা আছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।