ভূরিভোজ করালেন আওয়ামী লীগের প্রার্থী

সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মতবিনিময়ে নির্বাচনী এলাকার নেতা-কর্মী–ভোটাররাও উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সবাইকে ভূরিভোজ করানো হয়। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি হোটেলে।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদের ভূরিভোজ করিয়েছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান। আজ বুধবার বিকেলে নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় মতবিনিময় শেষে এ ভোজ করানো হয়।

ব্যানারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা উল্লেখ থাকলেও সভায় হাবিবুরের নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও ভোটার উপস্থিত ছিলেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীই নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারবেন না। কেউ ভূরিভোজও করাতে পারবেন না। নির্বাচনী এলাকার ভেতরে কেউ এমনটি করলে এটি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর আজকের ভূরিভোজ প্রসঙ্গে মুহা. ইসরাইল হোসেন বলেন, ‘যেহেতু তিনি নির্বাচনী এলাকার বাইরে এমন আয়োজন করেছেন, সেখানে আমাদের আর কী করার আছে? আয়োজনের স্থানটি যদি তাঁর নির্বাচনী এলাকার ভেতরে হতো, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত।’

প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীই নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারবেন না। কেউ ভূরিভোজও করাতে পারবেন না। নির্বাচনী এলাকার ভেতরে কেউ এমনটি করলে এটি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে।
মুহা. ইসরাইল হোসেন, রিটার্নিং কর্মকর্তা

আজ বেলা আড়াইটার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান। বেলা সোয়া তিনটার দিকে তাঁর সভা শেষ হলে উপস্থিত সবাইকে ভূরিভোজ করানো হয়। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ডাল, রুই মাছ, মোরগের মাংস ও ঠান্ডা পানীয়। সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা এবং তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরাও ভোজে অংশ নেন। দুই থেকে আড়াই শ মানুষ ভোজে অংশ নেন।

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ। এ সময় সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হকসহ দলীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা মঞ্চে ছিলেন। সভায় লিখিত বক্তব্যে প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রয়াত আমার শ্রদ্ধাভাজন জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের অসমাপ্ত কাজ সম্পন্ন করে শিল্পাঞ্চলখ্যাত এই আসন আবার প্রধানমন্ত্রী, দলীয় সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’ এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সিলেট-৩ আসনের সব মানুষের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের দেওয়া ভূরিভোজ পর্ব। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইনে
প্রথম আলো

বিকেল পৌনে চারটার দিকে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে কোনোভাবেই পড়ে না। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে সবাই এখানে এসেছিলেন।’ তাঁর নির্বাচনী এলাকার কোনো ভোটার কিংবা নেতা-কর্মীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন না বলেও এ সময় তিনি দাবি করেন।

এর আগে গত ১১ মার্চ করোনায় সংক্রমিত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই ভোটগ্রহণ হবে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। ভোটকেন্দ্র ১৪৯টি।

সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৭ জুন মনোনয়নপত্র বাছাই হবে। ২৪ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ ২৫ জুন।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত হাবিবুর রহমান, জাতীয় পার্টির মনোনীত আতিকুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র হিসেবে বিএনপিদলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, ফাহমিদা হোসেন ও শেখ জাহিদুর রহমান মাসুম।