ভেঙে গেছে ১০টি সেতু

পানিতে তলিয়ে গেছে ৯ হাজার ১৩০ হেক্টর ফসলি জমি ও ৭১২টি পুকুরের মাছ ভেসে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরনগরের কুন্ডা-গোকর্ণ সড়কের বেড়িবাঁধ সেতুর দুটি পিলার দেবে সেতুর মাঝের অংশ হেলে আছে। সম্প্রতি তোলা ছবি
প্রথম আলো

বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্তসহ ছোট-বড় ১০টি সেতু ভেঙে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়া পানিতে তলিয়ে গেছে ৯ হাজার ১৩০ হেক্টর ফসলি জমি ও ৭১২টি পুকুরের মাছ ভেসে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নাসিরনগর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় উপজেলার গোয়ালনগর, চাতলপাড়, ভলাকুট ও কুন্ডা ইউনিয়নের রাস্তাঘাট ও সেতু-কালভার্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলায় প্রায় ২৯৬ কিলোমিটার কাঁচা সড়ক ও ১১২ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ইটের সলিং রাস্তা ১৮ কিলোমিটার ও আরসিসি ঢালাইয়ের রাস্তা ১৩ কিলোমিটার।

আকস্মিক বন্যায় উপজেলায় এখন পর্যন্ত ৭০ কিলোমিটার পাকা সড়ক, ৩০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ৩টি বড় সেতু ও ৭টি ছোট সেতু ভেঙে গেছে। সেতুগুলো হল উপজেলার ভলাকুট ইউনিয়নের দুটি, হরিপুরের দুটি, ফান্দাউকেন একটি, গুনিয়াউকে দুটি, গোকর্ণে একটি, কুন্ডায় একটি ও বুড়িশ্বর ইউনিয়নে একটি সেতু ভাঙাসহ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচা-পাকা রাস্তা ও সেতু ভেঙে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি ও মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নাসিরনগরে ৯ হাজার হেক্টর আমন, ৬০ হেক্টর আউশ, ৩৫ হেক্টর সবজি ও ৩৫ হেক্টর জমির পাট পানিতে নিমজ্জিত। একই সঙ্গে ৭১২টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৩২ হাজার কৃষক ও ৫০০ মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় কোনো কোনো এলাকার সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো কোনো গ্রামীণ রাস্তায় পানি উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি জেনেও সাধারণ মানুষ চলাচল করছেন। প্রতিনিয়তই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। নাসিরনগর-লাখাই সড়ক–সংলগ্ন ইছাপুর-শ্রীঘর সড়কে হাঁটু ও কোমর সমান পানি।

নাসিরনগর-লাখাই সড়কের ফান্দাউক অংশের রাস্তার ওপর পানি উঠেছে। উপজেলার গোয়ালনগর, চাতলপাড়, ভলাকুট ইউনিয়নের তিতাস ও মেঘনা নদীর তীরঘেঁষা এবং নদীর মাঝের উঁচু জায়গার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের বুড়িশ্বর গ্রাম প্লাবিত হয়েছে।

উপজেলার শিক্ষক, আওয়ামী লীগের নেতা–কর্মীরাসহ অন্তত ১৫ জন বলেন, বন্যায় উপজেলার প্রায় ১৩টি ইউনিয়ন প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়ক-সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলায় গোখাদ্য, সুপেয় পানি ও জ্বালানির তীব্র সংকট রয়েছে।

এলজিইডির নাসিরনগর উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, নাসিরনগরে প্রায় ৭০ কিলোমিটার পাকা ও ৩০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৩টি বড় সেতু ও ৭টি ছোট সেতু ভেঙে গেছে।