ভেঙে যাচ্ছে গ্রামীণ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ার মোছারখোলার সড়কের সেতুতে ভাঙন ধরেছে বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে l প্রথম আলো
কক্সবাজারের উখিয়ার মোছারখোলার সড়কের সেতুতে ভাঙন ধরেছে বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে l প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামীণ সড়কে ভাঙন দেখা দিয়েছে। বালু ও পাথরবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে এসব সড়কের কালভার্ট, সেতু ও রাস্তার দুই পাশে মাটি সরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে সরকারের কোটি টাকা নষ্টের পাশাপাশি সড়ক চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার আদিবাসী অধ্যুষিত জনপদ থাইংখালী হয়ে মোছারখোলা ও তেলখোলা পর্যন্ত যাতায়াতের পাঁচ কিলোমিটারের সড়কটি ২০১১-১২ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সংস্কার করা হয়। এরপর ওই সড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), জিপ ও রিকশা চলাচল শুরু করে।
২০১৩-১৪ অর্থবছরে সড়কের এক কিলোমিটার কার্পেটিং ও তিনটি কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু বালু ও পাথরবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মানিক চাকমা বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি পাহাড় কাটার মাটি ট্রাকবোঝাই করে এ সড়ক দিয়ে পাচার করছে। এতে সড়কের মধ্যে তৈরি একাধিক কালভার্ট ধসে পড়ার উপক্রম হয়েছে। সড়কের দুই পাশের মাটিও সরে যাচ্ছে। যেকোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
একইভাবে ভারী ট্রাক চলাচলের কারণে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া ও সোনাইছড়ি সড়কের দুটি কালভার্ট ধসে পড়েছে। ফলে ওই এলাকার পাঁচ হাজারের বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম বলেন, ট্রাক বোঝাই করে পাহাড় কাটা মাটি পাচারের সময় সোনাইছড়ি সড়কের প্রায় ২০ মিটার লম্বা একটি সেতু ধসে পড়ে। একইভাবে জুম্মাপাড়া নবনির্মিত একটি সেতু ধসে পড়েছে বলে জানান, আরেক ইউপি সরেজমিনে দেখা গেছে, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল, ভালুকিয়া থিমছড়ি, উখিয়া ডাকবাংলো হয়ে মরিচ্যা, পাতাবাড়ী, ডেইলপাড়া, এনআই চৌধুরী, দরগাহ বিল সড়কসহ অন্তত ২০টি গ্রামীণ সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কজুড়ে ছোট-বড় গর্ত। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে।
রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আঞ্চলিক সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। তার পরও কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভারী যানবাহন চলাচল অব্যাহত রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বালুভর্তি ট্রাক চলাচল বন্ধ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।