ভেজা হাতে ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় ভেজা হাতে ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম এরশাদ আলী (৩২)। তিনি শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। এরশাদ মোহনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ আলী আজ সকালে নিজ বাড়িতে নাশতা করছিলেন। গরমের কারণে নাশতার টেবিল থেকে উঠে ভেজা হাতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ ব্যবহারে অসতর্কতার কারণেই একজন উদীয়মান আইনজীবীর অকালমৃত্যু হলো।

নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, এরশাদ আলী তাঁদের সমিতিতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।