ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ৩ জনের কারাদণ্ড
ভেজাল প্যারাসিটামল প্রস্তুত ও বাজারজাত করার দায়ে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক হেলেনা পাশা, ব্যবস্থাপক মিজানুর রহমান ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা। মামলার অপর দুই আসামি অ্যাডফ্লেমের অপর মালিক আজফার পাশা ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের আরেক মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নোমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত। মামলা হওয়ার প্রায় ২১ বছর পর এই রায় ঘোষণা করা হলো।
নৃগেন্দ্র নাথ বালা মামলার শুরু থেকেই পলাতক। রায়ে বলা হয়, ভেজাল প্যারাসিটামল ওষুধ প্রস্তুত করা সমাজ ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আসামিরা পরস্পর যোগসাজশে কোম্পানি প্রতিষ্ঠা করে ভেজাল প্যারাসিটামল সিরাপ প্রস্তুত ও তা বাজারজাত করেন। ওই সিরাপ সেবন করে ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে অস্বাভাবিক হারে শিশুমৃত্যু বেড়ে যায়। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যম ভেজাল প্যারাসিটামল সেবনে কিডনি অকেজো হয়ে প্রায় দুই হাজার ৭০০ শিশুর মৃত্যুর খবর প্রকাশ করে। অ্যাডফ্লেমের প্যারাসিটামল সিরাপের নমুনায় প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে চামড়াশিল্পে ব্যবহৃত ডাই ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয়েছে। এই ভেজাল ওষুধ সেবন করে ৭৬ জন শিশু মারা যায়। রাষ্ট্রপক্ষ চারজন সাক্ষী উপস্থাপন করে আসামিদের বিরুদ্ধে ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় ড্রাগ নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হলো। অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় জামিনে থাকা আসামি মিজানুর রহমান ও হেলেনা পাশা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাঁদের জামিন বাতিল করে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রায়ে বলা হয়, পলাতক নৃগেন্দ্র নাথ গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে তাঁর বিরুদ্ধে এই রায় কার্যকর হবে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহিন আহমেদ খান বলেন, দীর্ঘ ২১ বছর আগের ঘটনা। দেরিতে হলেও রায় হয়েছে। আসামিপক্ষেÿমামলা পরিচালনা করেন বশির আহমেদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯০-৯২ সালে ঢাকা শিশু হাসপাতালে প্যারাসিটামল সিরাপ সেবনের পর অস্বাভাবিক হারে শিশুমৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মকবুল হোসেন বিষয়টি ঔষধ প্রশাসন অধিদপ্তরকে মৌখিকভাবে জানান। ১৯৯২ সালের ২৫ নভেম্বর অধিদপ্তর অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ফ্লামোডল নামক প্যারাসিটামল সিরাপের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি ও বিশ্বস্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) পাঠায়। পরীক্ষা করে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি অভিমত দেয়, ওই প্যারাসিটামল সিরাপ (ফ্লামোডল) তৈরিতে ব্যবহৃত প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে চামড়াশিল্পে ব্যবহৃত ডাই ইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গেছে, যা শিশুর কিডনি অকেজো হওয়ার জন্য দায়ী।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী ১৯৯৩ সালের ১৯ ডিসেম্বর অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালস ও অধিদপ্তরের আটজনের বিরুদ্ধে ড্রাগ নিয়ন্ত্রণ আইনে এই মামলা করেন। ১৯৯৪ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালীন অ্যাডফ্লেমের মালিক আনোয়ার পাশা, জাহিদ ইফতেখার পাশা ও ইসরাত পাশা মারা যাওয়ায় তাঁদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে আসামিপক্ষ মামলার নথি আদালত থেকে গায়েব করার চেষ্টা করে। তবে হাইকোর্টের নিয়মিত নিম্ন আদালত পরিদর্শনকালে বিষয়টি নজরে আসে। পরে হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালত মামলার কার্যক্রম আবার শুরু করেন।