ভেজাল সারের ডিপো যশোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেশার সদর উপজেলার আড়পাড়া শাহাপুর গ্রামে একটি কারখানায় তৈরি হচ্ছে ভেজাল সার। গতকাল দুপুরে তোলা ছবি l এহসান–উদ–দৌলা
যেশার সদর উপজেলার আড়পাড়া শাহাপুর গ্রামে একটি কারখানায় তৈরি হচ্ছে ভেজাল সার। গতকাল দুপুরে তোলা ছবি l এহসান–উদ–দৌলা

যশোরে উৎপাদিত ভেজাল সার ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। এতে বড় ভূমিকা রাখছে এ জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ২১টি ভেজাল সার কারখানা। মাটির উর্বরতা শক্তি নষ্ট করে ফেলার মতো যত সব উপাদান মিশিয়ে কারখানাগুলোতে উৎপাদিত হচ্ছে ভেজাল দস্তা, টিএসপি ও এমপি সার। ফলে হুমকিতে পড়ছে কৃষিজমি ও শস্যভান্ডার।
এদিকে ভেজালবিরোধী অভিযান চালিয়ে গত চার বছরে ওই সব কারখানার ১৩টি সিলগালা করা এবং কোনো কোনোটির নিবন্ধন নবায়নের অনুমতি দেওয়া না হলেও থেমে থাকেনি ভেজাল সার উৎপাদনের কার্যক্রম। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে ও দিনের সুবিধাজনক সময়ে নানা কৌশলে ভেজাল সার উৎপাদন করে যাচ্ছে ওই কারখানাগুলো।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী যিনি উপজেলা কৃষি কর্মকর্তা, তিনিই সার উৎপাদন কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। নির্বাহী হাকিম ও পুলিশের সহায়তা নিয়ে ভেজালবিরোধী অভিযান চালানোর দায়িত্ব তাঁরই ওপর ন্যস্ত।
যশোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা বীরেন্দ্রনাথ মজুমদার আর্থিক সুবিধা গ্রহণ করে এ তৎপরতা চালানোর সুযোগ করে দিচ্ছেন বলে তাঁর কার্যালয়েরই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন। গত দেড় বছর উপজেলার সার কারখানাগুলোতে তেমন অভিযানও চালানো হয়নি।
তবে বীরেন্দ্রনাথ মজুমদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন সমেয়ই অভিযান চালানো হয়। গোয়েন্দা সংস্থাকেও জানানো আছে। তারা তথ্য দিলে আবারও অভিযান চালানো হবে।
অনুসন্ধানে জানা গেছে, গত ২৪ জুন নিবন্ধনবিহীন কারখানায় ভেজাল সার উৎপাদন বন্ধে অভিযান চালাতে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের তৎকালীন উপপরিচালক শেখ হেমায়েত হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নিবন্ধনবিহীন কারখানায় দীর্ঘদিন ধরে ভেজালবিরোধী অভিযান না চালানোয় রাতে ভেজাল সার উৎপাদন হচ্ছে। ইটের গুঁড়া, সিমেন্ট, বালু, পাথর, চুনসহ নানা উপাদান দিয়ে তৈরি এসব সার নামীদামি প্রতিষ্ঠানের নামযুক্ত প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছে। এ সার ব্যবহার করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সদর উপজেলা কৃষি কার্যালয়ের সূত্র অনুযায়ী, উপজেলাটিতে ছোট-বড় ২১টি দস্তা সার উৎপাদনের কারখানা রয়েছে। এর মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র তিনটির। বিভিন্ন সময় অভিযান চালিয়ে ১৩টি কারখানা সিলগালা এবং ভেজাল সার ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। ২০১২ সালের শেষের দিক থেকে ভেজাল সারের উৎপাদন বেড়ে গেছে। এখন সব কারখানাতেই নিয়মিত বা অনিয়মিতভাবে ভেজাল সার তৈরি হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ২০০৯ সালে পাঁচটি কারখানা সিলগালার পর মালিকদের আসামি করে পাঁচটি মামলা, ২০১০ সালে ১১টি কারখানায় অভিযান চালিয়ে মালিকদের বিরুদ্ধে ১১টি মামলা ও দুটি কারখানা থেকে জরিমানা আদায় করা হয়। ২০১১ সালে ১১ দফা অভিযান চালিয়ে পাঁচটি মামলা, চার হাজার কেজি ভেজাল সার ধ্বংস ও দুটি কারখানাকে জরিমানা করা হয়। ২০১২ সালে দুটি কারখানায় অভিযান চালিয়ে দুটি মামলা করা হয়। পরে গত বছর থেকে উল্লেখযোগ্য কোনো অভিযানই চালানো হয়নি। তবে এ সময় শাহাপুর গ্রামে দুই কারখানা থেকে এক ট্রাক সার জব্দ করা হয় মাত্র।
সরেজমিন: গত সপ্তাহে উপজেলার বাহাদুরপুর-আড়পাড়া সড়কের শাহাপুর গ্রামটিতে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে দুটি কারখানা। একটির নাম সুফলা এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও অপরটি মেসার্স এইচএম এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। দুটি কারখানার প্রধান ফটকে তালা। তবে সুফলা কারখানার পেছনের অংশের টিনের চালের ফাঁক দিয়ে ধোঁয়া উড়তে দেখা গেল। কিছু পর একজন শ্রমিক বেরিয়ে পাশের মুদি দোকানে এলেন। কারখানায় এখন কী কাজ হচ্ছে জানতে চাইলে বলেন, ‘হাড়িতে জাল হচ্ছে।’ পাশে বসে থাকা আরেক ব্যক্তি বলেন, অনেক দিন কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এখন দস্তা সার তৈরির হাড়ি পরিষ্কার করতে শ্রমিকেরা এসেছেন।
পরে জানা গেল, পাশে বসে থাকা এ লোকটি ওই কারখানার বিপণন কর্মকর্তা। নাম আবু সাঈদ। এক পর্যায়ে আবু সাঈদ স্বীকার করেন, এখানকার ভেজাল দস্তা সার সারা দেশেই পাঠানো হয়। তবে রংপুর, দিনাজপুরসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি যায়। কিছু দূরে আড়পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কিষান ফার্টিলাইজার নামের আরেক কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। তবে পেছনে টিনের চালার বড় একটি ঘরে তিন শ্রমিক কাজ করছেন। মোটরসাইকেলের শব্দ শুনে একজন বেরিয়ে এলেন। শাহজাহান নামের ওই শ্রমিক বলেন, পাঁচ-ছয় মাস সারের উৎপাদন বন্ধ রয়েছে। তবে গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। সার তৈরির প্রশিক্ষণ আছে কি না জানতে চাইলে বলেন, ‘আমি তো লেখাপড়া জানি না। তবে দেখতে দেখতে শিখেছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, সুফলা নামের কারখানার বিরুদ্ধে জাল স্বাক্ষরে নিবন্ধন নবায়ন করার অভিযোগ রয়েছে। যে কারণে যাচাই-বাছাই করতে মূল সনদ আটকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিককে নির্দেশ দেওয়া আছে। সারসংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে মেসার্স এইচ এম এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিবন্ধন নবায়ন করা হয়নি এবং এর উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর কিষান ফার্টিলাইজারে নিম্নমানের ও ভেজাল সার উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা করা হয়।