ভেজালমুক্ত রাখতে কনডম দিয়ে মোড়ানো হয়েছিল ফেনসিডিল: র্যাব
ক্রেতাকে ভেজালমুক্ত ফেনসিডিল সরবরাহ করতে প্রতিটি বোতল জন্মনিরোধক কনডম দিয়ে মোড়ানো হয়েছিল। আর ফেনসিডিল নির্বিঘ্নে বহন করতে গাড়িতে লাগানো হয়েছিল স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তাদের গাড়ির মনোগ্রাম। কিন্তু চোরাকারবারিদের শেষ রক্ষা হয়নি।
আজ মঙ্গলবার সকালে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ চোরাকারবারিকে আটক করে র্যাব। র্যাবের নাটোর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়াজ এ তথ্য জানান।
রিয়াজ শাহরিয়াজ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ভোর পাঁচটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার কাকরামারী গ্রামে সরকারি কর্মকর্তাদের গাড়ির মনোগ্রাম লাগানো একটি ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এ সময় গাড়ি থেকে পালানোর চেষ্টাকালে পটুয়াখালী সদর উপজেলার নুর আলম (৩৮), চারঘাটের মিনারুল ইসলাম (২৪) ও হাসিবুর রহমানকে আটক করা হয়। এ সময় গাড়ির পেছন থেকে ৪৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে চারঘাট থানায় একটি মামলা করেছে।
নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দিতে ফেনসিডিল বহনকারী গাড়ির সামনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের গাড়ির মনোগ্রাম লাগান। ফেনসিডিলের বোতলগুলো একেকটি কনডম দিয়ে মোড়ানো ছিল। ক্রেতাকে ভেজালমুক্ত ফেনসিডিল সরবরাহ করার জন্যই এ ব্যবস্থা নিয়েছে বলে চোরাকারবারিরা দাবি করেছেন।