বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে বৃহস্পতিবার প্রাথমিক প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন করে। ছবি: তৌহিদী হাসান
সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন করে। ছবি: তৌহিদী হাসান

১ নভেম্বর সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ব্যাপারে গঠিত তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকালে আট সদস্যের তদন্ত কমিটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বাংলাদেশ-ভারত সঞ্চালন লাইন কেন্দ্রে যান। সেখানে তাঁরা কেন্দ্রের কারিগরি নির্দেশনাকক্ষের কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করেন। কেন্দ্রের অন্যান্য যন্ত্রাংশ পর্যবেক্ষণ করবেন তাঁরা। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কমিটির আহ্বায়ক আহমেদ কায়কাউস সাংবাদিকদের ব্রিফিং করেন।
আহমেদ কায়কাউস বলেন, ‘সবার কাছ থেকে তথ্য-উপাত্ত নেওয়া হচ্ছে এবং ‘ফিজিক্যাল ভ্যারিফাই’ করা হচ্ছে। সরকারের কাছে আগামী পরশুদিন একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে। কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দিতে পারব না।’
এক মিলি সেকেন্ডের যে ঘটনা ঘটে, তা নিরূপণ করা জটিল ব্যাপার উল্লেখ করে কায়কাউস বলেন, এ ব্যাপারে কমিটির সব সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন দিতে সময় লাগবে।
বিপর্যয়ের সঙ্গে নাশকতার সংশ্লিষ্টতার ব্যাপারে কমিটি প্রধানের ভাষ্য, ‘আমরা বিদ্যুৎ সরবরাহ, বিতরণ ও সঞ্চালনের কাজ করি। নাশকতার বিষয় থেকে থাকলে সরকারের সংশ্লিষ্ট সংস্থা তা দেখবে।’