ভেদরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম মিন্টু মাঝি (৩৮)। তিনি ওই এলাকার আমান উল্লাহ মাঝির ছেলে। মিন্টু মাঝির স্বজনদের অভিযোগ, একই গ্রামের সুমন হাওলাদার ও তাঁর স্বজনেরা মিন্টুকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন হাওলাদের মা, তাঁর দুই স্বজন দেলোয়ার হাওলাদার (৫০) ও আবুল কালামকে (৪৫) আটক করেছে পুলিশ।
মিন্টুর পরিবার জানায়, তাঁর ৫৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী সুমন হাওলাদারের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে সীমানাপ্রাচীর দেন মিন্টু। আজ সকালে সুমন হাওলাদার ও তাঁর স্বজন আরিফ হাওলাদারসহ ৮ থেকে ১০ জন সীমানা ভাঙতে যান। এ সময় মিন্টু ও তাঁর পরিবার বাধা দিলে মিন্টুকে বেধড়ক মারধর করা হয়।
এ সময় মিন্টুকে বাঁচাতে গেলে তাঁর স্বজন তাসলিমা বেগম (৪৮) ও রশিদ মাঝিকে (৩৫) পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে মিন্টুর মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করা হয়। এতে মিন্টু মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মিন্টুর ভাই রশিদ মাঝি বলেন, ‘সুমনদের সঙ্গে জমি নিয়ে আমার ভাইয়ের বিরোধ ছিল। আমার ভাইকে সুমন হাওলাদার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে। সুমনের সঙ্গে তাঁর পরিবারের আরও ৮-১০ জন ছিলেন।’
ঘটনার পর থেকে সুমন হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মিন্টু মাঝিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মিন্টুর স্ত্রী ইভা আক্তার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।