ভেনামি চিংড়িতেই সাফল্য দেখছেন রপ্তানিকারকেরা

বাগদা চিংড়ির চেয়ে ভেনামির উৎপাদন খরচ প্রায় অর্ধেক। এ কারণে বিদেশে প্রতিযোগিতার বাজারেও টিকে থাকা যাবে।

  • ভেনামি চিংড়ির জাতটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের। এটির উৎপাদন বেশি ও চাষে খরচ কম।

  • প্রতি বর্গমিটারে যেখানে ১৫টি বাগদা উৎপাদন হয় সেখানে ভেনামি হয় ৫০ থেকে ৬০টি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার পাইকগাছায় পরীক্ষামূলক চাষ হয়েছে ভেনামি চিংড়ির। একটি পুকুর থেকে আহরিত চিংড়ি।
ছবি: প্রথম আলো

দেশে বাগদা চিংড়ির উৎপাদন কমে গেছে বহুগুণ। বন্ধ হয়ে গেছে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান। এমন পরিপ্রেক্ষিতে ভেনামি চিংড়িতে আশার আলো দেখছেন দেশের চিংড়ি ব্যবসায়ীরা। কারণ, এই চিংড়ির উৎপাদন যেমন বেশি, এর পেছনে খরচও তেমনি কম। ইতিমধ্যে খুলনার পাইকগাছায় চিংড়ির এই জাতের পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে।

রপ্তানিকারকেরা বলছেন, বাগদা চিংড়ির (ব্ল্যাক টাইগার) চেয়ে ভেনামির উৎপাদন খরচ প্রায় অর্ধেক। এ কারণে বিদেশে প্রতিযোগিতার বাজারেও টিকে থাকা যাবে। অন্যান্য দেশ ভেনামি উৎপাদন ও রপ্তানি করে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে। ১০ বছর আগে ভারত ভেনামি চিংড়ি উৎপাদন শুরু করে। এখন তারা ওই খাতে অনেক সফল।

ভেনামি চিংড়ির জাতটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের। উৎপাদন বেশি ও চাষে খরচ কম হওয়ায় দীর্ঘদিন ধরে রপ্তানিকারকেরা বাংলাদেশে ভেনামি চাষের জন্য আবেদন করে আসছিলেন। কিন্তু দেশীয় প্রজাতি নষ্ট হবে—এমন আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। ২০১৮ সালে দেশে পরীক্ষামূলক ভেনামি চাষের অনুমতি দেওয়া হয়। অনুমতি পেতে দেরি হওয়ায় ওই বছর চাষ করা যায়নি। অন্যদিকে নানা জটিলতা ও কোভিড পরিস্থিতির কারণে ২০১৯ ও ২০২০ সালেও চাষ শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। সর্বশেষ গত মার্চ থেকে খুলনার পাইকগাছা উপজেলায় অবস্থিত নোনাপানি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক ভেনামি চিংড়ির চাষ শুরু হয়েছে।

পরীক্ষামূলক ওই প্রকল্পের পরামর্শক তপন বিশ্বাস জানান, গত ৩১ মার্চ থাইল্যান্ড থেকে ১০ লাখ ভেনামি চিংড়ির পোনা আমদানি করা হয়। যশোর বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় পাইকগাছায়। সেখানকার প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ৬ ঘণ্টা সময় নেওয়া হয়। পরে পুকুরের এক কোনায় জালের মধ্যে সাত দিন পোনাগুলোকে যত্নআত্তি করা হয়। আমদানি থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে মারা যায় ২ লাখ ২৮ হাজার পোনা। বাকি ৭ লাখ ৭২ হাজার পোনা পুকুরে অবমুক্ত করা হয়। প্রতি পুকুরে দেওয়া হয় ১ লাখ ৬৪ হাজার করে পোনা।

পাইকগাছার নোনাপানি গবেষণা কেন্দ্রের ৪ হাজার বর্গমিটার আয়তনের চারটি পুকুরে পরীক্ষামূলক ভেনামি চিংড়ির চাষ চলছে। চাষ করা হচ্ছে আধানিবিড় (সেমি ইনটেনসিভ) পদ্ধতিতে। গত বৃহস্পতিবার ৯৯ দিনের মাথায় একটি পুকুর থেকে চিংড়ি আহরণ করা হয়। এর ৫ দিন আগে আরেকটি পুকুর থেকে চিংড়ি সংগ্রহ করা হয়েছিল।

কনসালট্যান্ট তপন বিশ্বাস বলেন, একেকটি পুকুরে দেড় লাখের মতো চিংড়ি পাওয়া যাচ্ছে। একেকটির গড় ওজন ২৫ গ্রাম। প্রথম পুকুরটি বিশেষ গবেষণার আওতায় থাকায় সেখান থেকে ২ মেট্রিক টনের কিছু বেশি চিংড়ি পাওয়া গেছে। তবে দ্বিতীয় পুকুর থেকে চিংড়ি পাওয়া গেছে প্রায় ৪ মেট্রিক টন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে চিংড়িটি ভালোভাবেই চাষ করা সম্ভব।

তপন বিশ্বাস জানান, আধানিবিড় পদ্ধতিতে প্রতি বর্গমিটারে ১৫টি বাগদা উৎপাদন করা যায়। সে ক্ষেত্রে পানির উচ্চতা বেশি হলেও কোনো ফল হয় না। অন্যদিকে পুকুরের পানির উচ্চতা ৬ ফুট হলে প্রতি বর্গমিটারে ৫০ থেকে ৬০টি ভেনামি চিংড়ি উৎপাদন করা যায়। রোগ-বালাই কম থাকায় ওষুধও তুলনামূলক কম দিতে হয়। এতে খরচ কমে অনেক।

পরীক্ষামূলক চাষের জন্য বিনিয়োগ করেছে যশোরের এমইউসি ফুডস লিমিটেড। পুরো চারটি পুকুরকে আধানিবিড় পদ্ধতিতে রূপান্তর করতে ওই চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানের খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস বলেন, অবকাঠামো উন্নয়ন বাদে সেখানে চাষ করে প্রতি কেজি চিংড়ির উৎপাদন করতে খরচ হয়েছে গড়ে ২৮০ টাকার মতো। চিংড়ির যেমন আকার হয়েছে, তাতে কমপক্ষে ৫০০ টাকা কেজি দরে রপ্তানি করা যাবে।

পরীক্ষামূলক ভেনামি চিংড়ি চাষের তদারকিতে রয়েছে পাইকগাছার নোনাপানি গবেষণা কেন্দ্র। জানতে চাইলে ওই কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলক চাষের ফলাফল সন্তোষজনক নয়। এ কারণে আরও কয়েক বছর গবেষণার পর ফলাফল দেখে বাণিজ্যিকভাবে চাষের অনুমতি দেওয়া উচিত।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এস হুমায়ুন কবির বলেন, একসময় এশিয়ায় চিংড়ি রপ্তানিতে ভারত ছিল তলানিতে। সেখান থেকে ভেনামি উৎপাদন করে দেশটি এখন দ্বিতীয় সর্বোচ্চ হিমায়িত খাদ্য রপ্তানিকারক দেশ। অন্যদিকে কাঁচামাল সংকটের কারণে বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য রপ্তানি কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে ভেনামি চিংড়ি চাষ করতে দেওয়ার কোনো বিকল্প নেই।