ভেসে উঠল আটকে থাকা ভারতীয় জাহাজ

স্টিলের কয়েলবোঝাই এমভি মোহনবাগান-৪ নামের ভারতীয় জাহাজটি পাঁচ দিন পর ভেসে উঠেছে। গতকাল বুধবার রাত একটায় হাইমচরে মেঘনার ডুবো চরে আটকে থাকা জাহাজটি প্রবল স্রোতে ভেসে ওঠে। আজ বৃহস্পতিবার সকালে জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।
২৬ আগস্ট শনিবার দুপুরে আটকা পড়েছিল জাহাজটি। এতে ২ হাজার ১০০ টন স্টিলের কয়েল ছিল। ছিলেন ১৩ জন নাবিক, তাঁদের মধ্যে ভারতীয় নাবিক ১১ জন। বাকি দুজন বাংলাদেশের। খবর পেয়ে চাঁদপুরের নৌ পুলিশ জাহাজটিতে নিরাপত্তা দেয়।
হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার হাসানুজ্জামান বলেন, আজ সকালে জাহাজটি মালামাল নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওনা দিয়েছে।
এমভি মোহনবাগান ৪-এর মাস্টার আতিউর রহমান বলেন, গত ২৩ আগস্ট জাহাজটি ভারতের হলদিয়া থেকে স্টিলের কয়েল নিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ২৬ আগস্ট দুপুরে চাঁদপুরের হাইমচরের একটি ডুবোচরে জাহাজটি আটকে যায়।