ভেড়া পালন করে সংসারে সচ্ছলতা এনেছেন নারীরা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুর গ্রামের গৃহবধূ আনজুমান বেগম ভেড়ার দেখভাল করছেন। সাম্প্রতিক ছবিপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনজুমান বেগমের (৩৩) পরিবারে চারজন সদস্য। স্বামী ফারুক হোসেন দিনমজুর। দুই ছেলে স্কুলে পড়ে। আগে সংসারে অভাব–অনটন লেগেই থাকত। সন্তানের পড়াশোনার খরচ কিংবা হঠাৎ রোগব্যাধি হলে ধারদেনা করতে হতো। বর্তমানে সেই সমস্যা আর নেই।

আনজুমান বলেন, ২০২০ সালের মাঝামাঝি একটি প্রতিষ্ঠান তাঁকে বিনা মূল্যে একটি ভেড়া দেয়। এখন তিনি পাঁচটি ভেড়ার মালিক। এর মধ্যে একটি ভেড়া বিক্রি করে ছেলের পড়ালেখার খরচ চালাচ্ছেন। এখন প্রয়োজন পড়লেই ভেড়া বিক্রি করতে পারবেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা আনজুমান। তাঁর মতো জেলার ২৪০ জন নারী উন্নতজাতের ভেড়া পালন করে সংসারে সচ্ছলতা এনেছেন। গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপের টেকসই উন্নয়নে সহায়ক প্রকল্প (এএসডি) তাঁদের সহযোগিতা করছে।

কাবিলপুর গ্রামের মমেনা বেগম (৪০) বলেন, তাঁকেও বিনা মূল্যে একটি ভেড়া দেওয়া হয়। এখন তাঁর চারটি ভেড়া হয়েছে। এর মধ্যে তিনটি ভেড়া গর্ভবতী। খুব তাড়াতাড়ি এগুলো বাচ্চা দেবে। তখন আট থেকে ১০টি ভেড়া হবে। ভেড়া পালন লাভজনক। কারণ ভেড়ার তেমন রোগবালাই হয় না। মৃত্যুহারও কম। ভেড়া বিক্রির টাকায় দুই ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালাচ্ছেন।

এএসডি সূত্র জানায়, ২০২০ সালের জানুয়ারি থেকে এএসডি প্রকল্পটি জেলার চরাঞ্চলের আটটি গ্রামে কাজ করছে। এসব গ্রামের মোট ২৪০ জন নারী ভেড়া পালন করছেন।

গাইবান্ধা এএসডি প্রকল্পের সমন্বয়কারী দিবাকর বিশ্বাস বলেন, দুই থেকে আড়াই বছরে দেশীয় জাতের ভেড়া ১৮-২৫ কেজি ওজনের হয়। যার দাম সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা। এখন দেশীয় ভেড়ার সঙ্গে ভারতের উন্নত জাতের ভেড়ার কৃত্রিম প্রজনন করানো হচ্ছে। সেগুলো আড়াই বছর পর ৪০ থেকে ৫০ কেজি ওজনের হবে। যার দাম হবে ২৫ থেকে ৪০ হাজার টাকা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাছুদার রহমান বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে ভেড়া পালন করলে দ্রুত লাভবান ও স্বাবলম্বী হওয়া যাবে। এসব ভেড়ার গর্ভধারণের হার বেশি। পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। গাইবান্ধার সাতটি উপজেলায় ৬৯ হাজার ৫৫২টি ভেড়া আছে। এর মধ্যে জেলার ৮০টি চরাঞ্চলে ভেড়া আছে তিন হাজারের বেশি।