ভেড়াগুলো ছিল নিঃসন্তান দম্পতির অবলম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত ভেড়া নিয়ে আরজিনা বেগমের আহাজারি। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে
প্রথম আলো

সন্তানের মতো বড় করছিলেন ৩০টি বিদেশি জাতের ভেড়া। হতদরিদ্র নিঃসন্তান দম্পতির এগুলোই ছিল বেঁচে থাকার অবলম্বন। সেই সঙ্গে ছিল আয়ের প্রধান উৎস। স্বামী-স্ত্রী মিলে সারাক্ষণ সেবা-যত্ন করতেন ভেড়াগুলোকে। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কৃমিনাশক ওষুধ নিয়ে আজ বুধবার সেই ওষুধ খাওয়ানোর পর তাঁদের সেই ভেড়ার মধ্যে ১১টি মারা গেছে। বাকি বেশ কয়েকটি অসুস্থ হয়ে পড়ে আছে।

এই পরিস্থিতি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের আফজাল হোসেন ও আরজিনা বেগম দম্পতির। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভাষ্য, কৃমির জন্য যথাযথ ওষুধ দেওয়া হয়েছে। এটা খাওয়ানোর পর ভেড়া মারা যাওয়ার কথা নয়। এরপরও কেন মারা গেল, তা তারা অনুসন্ধান করছে।

আফজাল হোসেন বলেন, তিনি হতদরিদ্র মানুষ। নিজের কোনো চাষের জমি নেই। তিন শতক জমির ওপর টিনশেডের এক কক্ষের ঘরে বসবাস করেন। আর বাড়ির সঙ্গে থাকা ১০ শতক জমির এক পাশে ভেড়ার খামার গড়ে তুলেছেন। গত পাঁচ বছর তিনি এই ভেড়াগুলো বড় করে তুলছেন। তিনি বলেন, ৫টি ভেড়া দিয়ে তিনি যাত্রা শুরু করেন। একে একে ৩০টি ভেড়া হয়েছে তাঁর। এর মধ্যে বড়গুলোর বাজারমূল্য ৩৫ হাজার পর্যন্ত রয়েছে, আর ছোটগুলো ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হবে। তিনি এই পাঁচ বছরে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করেছেন ভেড়াগুলোকে বড় করে তুলতে। আশা ছিল, আর ছয় মাস পর এগুলো বিক্রি করে ৫ লক্ষাধিক টাকা আয় করবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভাষ্য, কৃমির জন্য যথাযথ ওষুধ দেওয়া হয়েছে। এটা খাওয়ানোর পর ভেড়া মারা যাওয়ার কথা নয়। এরপরও কেন মারা গেল, তা তারা অনুসন্ধান করছে।

আফজাল হোসেন বলেন, সম্প্রতি তিনি খেয়াল করেন, ভেড়াগুলোর স্বাভাবিক পায়খানা হচ্ছে না। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তিনি কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে যান। সেখানকার চিকিৎসকের সঙ্গে আলাপ করলে তাঁরা কৃমিনাশক ওষুধ দেন। সেই ওষুধ গর্ভবতী ভেড়াগুলোকে না খাওয়াতে বলে দেন চিকিৎসক। এক প্যাকেট ওষুধ বাকি ভেড়াগুলোকে খাওয়াতে বলেন। বুধবার সকাল ছয়টার দিকে তিনি ওই ওষুধের অর্ধেকটা পানিতে মিশিয়ে ১৮টি ভেড়াকে খাইয়ে দেন।

আফজাল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ওষুধ খাওয়ানোর পরপরই ভেড়াগুলো ছটফট করতে থাকে। আধা ঘণ্টার মধ্যেই ভেড়া মারা যেতে শুরু করে। একে একে বেলা তিনটা পর্যন্ত ১১টি মারা যায়। ওষুধ খাওয়ানো বাকি ৭টি ভেড়া অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আশঙ্কা করছেন, এগুলোও মারা যাবে। তিনি বলেন, এই ভেড়াগুলোই ছিল তাঁর সম্বল। এগুলো মারা গেলে কীভাবে সংসার চালাবেন, সেটাই ভেবে পাচ্ছেন না। এই ভেড়া পালন করতে গিয়ে মানুষের কাছে লক্ষাধিক টাকা দেনা হয়েছেন। যে দেনা পরিশোধ করার ক্ষমতা তাঁর আর থাকল না।

আফজাল হোসেনের স্ত্রী আরজিনা বেগম (৩৮) বলেন, তাঁদের বিয়ে হয়েছে প্রায় ২০ বছর। কিন্তু কোনো সন্তান হয়নি। এই ভেড়াগুলোকে তাঁরা সন্তানের মতো লালনপালন করতেন। এগুলো তাঁদের কাছে একেকটি সন্তান বলে তিনি কান্না করতে থাকেন।

গ্রামের বাসিন্দা জাহাবক্স মণ্ডল বলেন, আফজাল হোসেন হতদরিদ্র একজন মানুষ। এই ক্ষতি তাঁদের সামাল দেওয়া কষ্টকর হবে বলে তিনি মন্তব্য করেন।

জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, ভেড়ার মালিক মঙ্গলবার তাঁদের অফিসে এসেছিলেন। সবকিছু শুনে তাঁর ভেড়াগুলোর জন্য কৃমির ওষুধ দেওয়া হয়। সেগুলো তিনি যথানিয়মে খাওয়ালে এভাবে মারা যাওয়ার কথা নয়। এরপরও কেন মারা গেল, তা নিশ্চিত হতে তাঁরা নমুনা সংগ্রহ করেছেন। এই নমুনা পরীক্ষার পর বোঝা যাবে মৃত্যুর কারণ।