ভৈরব নদ থেকে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভৈরব নদ থেকে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর এলাকার ভৈরব নদ থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে।
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ভৈরব নদের যশোর সদর উপজেলার আফ্রা থেকে অভয়নগর উপজেলার মজুদখালী খাল পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দর। নদীবন্দর এলাকায় নদের উভয় তীরের মোট দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। নদের এক পাশের তীরের ৯ কিলোমিটার খুলনার ফুলতলা উপজেলার মধ্যে অবস্থিত। নদীবন্দর এলাকায় স্থাপনা রয়েছে ৮৫টি। আজ সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ফুলতলা বাজার পর্যন্ত বিআইডব্লিউটিএ ভৈরব নদ থেকে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, নদীবন্দর এলাকায় ভৈরব নদে ৮৬টি অবৈধ স্থাপনা রয়েছে। আজ বুধবার অভিযান চালিয়ে এর মধ্যে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে নদের সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অভিযানের সময় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার পাল, নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাসুদ পারভেজ, নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।