ভৈরবে অটোরিকশা–নসিমনের সংঘর্ষে ইউপির দফাদার ও স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র ও ইউনিয়ন পরিষদের দফাদার নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দফাদারের নাম আরফান আলী (৪৫)। তিনি গজারিয়া ইউনিয়ন পরিষদের দফাদার ও একই ইউনিয়নের মানিকদী গ্রামের আলা উদ্দিন মিয়ার ছেলে। নিহত স্কুলছাত্র হলো আমিন মিয়া (১২)। সে গজারিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে আরফান আলী অটোরিকশায় চড়ে ভৈরব শহরে যাচ্ছিলেন। অটোরিকশাটি গজারিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ভেতর থেকে ছিটকে পড়ে সড়কের পাশে থাকা রডের ওপর গিয়ে পড়েন আরফান আলী। দুর্ঘটনার সময় আমিন সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি আমিনকে চাপা দেয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার কবির বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, এ দুর্ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।