ভৈরবে আরেকজনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জের ভৈরবে আরেকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই তরুণ ওষুধের দোকান চালান। এ ছাড়া তিনি সামাজিক–সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি ভৈরবের দ্বিতীয় বাসিন্দা যার শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। গতকাল সোমবার রাতে স্বাস্থ্য বিভাগ থেকে এ কথা জানানো হয়।
চিকিৎসার জন্য গতকাল রাতেই ওই তরুণকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা যাওয়ার পথে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'জীবনের দামে হলেও ভালো থাকুক আমার শহর।' এ ছাড়া তিনি আরেকটি পোস্টে দুর্যোগ থেকে নিজেদের রক্ষায় সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন। তিনি বলেন, 'আমি এত সতর্ক থেকেও, এত পরিচ্ছন্ন থেকেও, এত নিরাপত্তা নিয়েও নিজেকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারিনি। আপনারা নিজেদের হিসাব নিজেরা মিলিয়ে নিন।'
গত শুক্রবার ভৈরবে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তিনি পুলিশ সদস্য। ওই পুলিশ সদস্য এই তরুণের ফার্মেসিতে এসে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিলেন। পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার খবর পেয়ে এই তরুণ হোম কোয়ারেন্টিনে ছিলেন।