ভৈরবে ওয়ার্কশপ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার রাতে পৌর শহরের চণ্ডীবের মধ্যপাড়ায় তাঁর নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম হেলিম মিয়া (৬৫)। তিনি ভৈরব বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, হেলিম বেশ সচ্ছল ব্যবসায়ী ছিলেন। করোনাকাল শুরু হওয়ার পর তিনি আর্থিক সংকটে পড়েন। একই সঙ্গে ঋণগ্রস্ত হয়ে যান। দিন দিন ঋণের পরিমাণ বাড়তে থাকে। হেলিম এসব নিয়ে বিচলিত থাকতেন। গতকাল দুপুরে বাড়ি ফেরেন। সবার সঙ্গে দুপুরের খাবার খান। পরে একটি কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে ঘরে গিয়ে দেখা যায়, কক্ষের বৈদ্যুতিক পাখার সঙ্গে হেলিমের মৃতদেহ ঝুলছে। রাত নয়টার দিকে পুলিশ গিয়ে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী বলেন, হেলিমের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের সদস্যদের ধারণা, আর্থিক সংকট থেকে মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে।