ভৈরবে চেয়ারম্যানের ছেলে খুনের ঘটনায় এক কিশোর গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কিশোর ছেলে মহিউদ্দিন প্রবাল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সে ১৭ বছরের কিশোর। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব দাবি করেছে।
এই কিশোরকে নিয়ে প্রবাল হত্যার ঘটনায় এখন পর্যন্ত র্যাবের হাতে তিনজন গ্রেপ্তার হলো। আগে গ্রেপ্তার রাজন ও তৌফিক এজাহারভুক্ত আসামি। গতকালই তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের ভাষ্য, গতকাল রাতে গ্রেপ্তার কিশোর তাদের বলেছে যে সে হত্যা পরিকল্পনায় ছিল না। তবে কিশোর গ্যাংয়ের প্রধান অন্তরের সঙ্গে তার পরিচয় ছিল। বাড়িও একই মহল্লায়। হত্যাকাণ্ডের সময় সে ওই গলিপথ দিয়ে যাচ্ছিলেন। অন্তর তাকে সামনে পেয়ে মরদেহ সরানোর কাজে সহযোগিতা করতে বলেন।
মহিউদ্দিন প্রবাল (১৭) নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। সে এবার স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। ভৈরবে হোসেন ভূঁইয়ার মালিকানাধীন মাতৃকা জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তিনি পরিবার নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকেন। গত মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় জিল্লুর রহমানের মালিকানাধীন শাকিল মটরস নামের একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার হত্যা মামলা হয়। বাদী হোসেন ভূঁইয়া। মোট অভিযুক্ত ছয়জন। ছয়জনের মধ্যে অন্তরের বাবা, অন্তরের দুই ভাই নয়ন মিয়া ও অনিক মিয়া আছেন। দুজন হলেন অন্তরের সহযোগী মো. রাজন ও তৌফিক মিয়া।
মামলাটি তদন্ত করছেন ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম। তিনি বলেন, র্যাবের কাছ থেকে গ্রেপ্তার কিশোরকে পেয়েছেন তাঁরা। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।