ভৈরবে চোরাই মুঠোফোনের সংখ্যা নিয়ে বিভ্রান্তি
কিশোরগঞ্জের ভৈরবে জব্দ হওয়া চোরাই মুঠোফোনের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জব্দ তালিকায় মুঠোফোনের সংখ্যা উল্লেখ করা হয়েছে ২২৪টি। তবে আটক ব্যক্তিদের অভিযোগ, তাঁদের কাছে থাকা ব্যাগে ২৫৭টি মুঠোফোন ছিল।
একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জব্দ মুঠোফোনের সংখ্যা ও টাকার পরিমাণ জানতে আজ রোববার পুলিশের এক কর্মকর্তা তদন্ত শুরু করেছেন।
ভৈরব থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল। তল্লাশির একপর্যায়ে একটি ব্যাগে অনেকগুলো মুঠোফোন দেখতে পায় পুলিশ। তখন পুলিশ ব্যাগটি জব্দ করে ও চোরাই মুঠোফোন বহনের অভিযোগে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন লিমন (২৪), মো. আলী (৪৭), সিয়াব (১৯) ও আশরাফুল জহির (২০)। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ। আটক হওয়া ব্যক্তিরা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, তাঁরা চোরাই মুঠোফোন চক্রের সদস্য। ভারত থেকে এসব মুঠোফোন এনে তাঁরা ঢাকার বাজারে অন্য একটি চক্রের হাতে তুলে দেন।
প্রাথমিক তদন্তে মুঠোফোনের সঠিক সংখ্যার বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে টাকার অস্বচ্ছতার বিষয়টি ধরা পড়েছে।
পুলিশ হেফাজতে থাকা আটক ব্যক্তিরা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ব্যাগে ২৫৭টি মুঠোফোন ছিল। টাকা ছিল ১ লাখ ৫০ হাজার। পরে জব্দ তালিকায় দেখানো হয়, মুঠোফোন পাওয়া গেছে ২২৪টি। টাকার পরিমাণও উল্লেখ নেই।
এ নিয়ে এসআই মো. ইসমাইলের ভাষ্য, তিনি ২২৪টি মুঠোফোনই পেয়েছেন। এ ছাড়া কারও ব্যক্তিগত টাকা জব্দ তালিকায় দেখানো যায় না। ফলে জব্দ তালিকায় টাকার উল্লেখ না করলেও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ৯৬ হাজার টাকা বুঝিয়ে দিয়েছেন। দেড় লাখের প্রসঙ্গ আনলে তাঁর দাবি, টাকা ৯৬ হাজারই ছিল।
মামলাটির তদন্ত করছেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন। তিনি বলেন, মুঠোফোনের সংখ্যা নিয়ে ভিন্ন আলোচনা থাকার কথা তাঁর জানা আছে। ইসমাইলের কাছে থেকে ৯৬ হাজার টাকা পেয়েছেন তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আজ রোববার তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে নেওয়া হলে এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
মুঠোফোন ও টাকার পরিমাণ কম উল্লেখের অভিযোগ খতিয়ে দেখতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান ভৈরব ও কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপুকে নির্দেশ দিয়েছেন। তিনি এরই মধ্যে তদন্ত শুরু করেছেন।
রেজওয়ান দিপু বলেন, তদন্ত করার বিষয়ে এখনো পুলিশ সুপারের লিখিত নির্দেশনা পাননি। তবে তদন্ত চলছে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে মুঠোফোনের সঠিক সংখ্যার বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে টাকার অস্বচ্ছতার বিষয়টি ধরা পড়েছে। কারণ, টাকা জব্দ করার ব্যাপারে এসআই ইসমাইল কোথাও নোট রাখেননি।