ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মৌসুম আহমেদ (৩০)। তিনি ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুপুরে তাঁর অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।
আহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুম আহমেদ ঢাকায় কাপড়ের ব্যবসা করেন। শবে বরাত উপলক্ষে ভৈরবে আসেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর শ্বশুরবাড়ি। নামাজ শেষে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে ভোর ৫টার দিকে তিনি ভৈরব বাসস্ট্যান্ডে যান। সেখানে ছিনতাইকারীরা তাঁর পথ আগলে ধরে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর বুকে ছুরিকাঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে বাসস্ট্যান্ড–সংলগ্ন একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। তবে কোনো হাসপাতালই তাঁকে চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৌসুমের চাচাতো ভাই অর্পণ আহমেদ বলেন, ‘দুঃখজনক হলো গুরুতর আহত আমার ভাইকে প্রথমে আমরা ভৈরবের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাই। কোনো ক্লিনিকই চিকিৎসা দিতে রাজি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন বুকের বাঁ পাশের আঘাতটি গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
পথচারী ছিনতাইকারীর কবলে পড়েছেন—এমন খবর শোনেননি বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তুফা। তিনি প্রথম আলোকে বলেন, তথ্যটি তাঁকে কেউ দেয়নি। তবে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার চেষ্টা চালাবেন বলে জানান তিনি।