ভৈরবে ছিনতাইয়ের ‘হট স্পটে’ ফের ব্যবসায়ী খুন
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. দিপু (২৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এই ঘটনা ঘটে।
মো. দিপু জেলার বাজিতপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকার রঙ্গু মিয়ার ছেলে। পেশায় তিনি মাছের ব্যাপারী।
সেতুর ভৈরব প্রান্ত ছিনতাইয়ের জন্য স্পর্শকাতর স্থান হিসেবে পরিচিত। এর আগে গত ১৭ এপ্রিল একই স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফারুক খান (৩৫) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ফারুক পৌর শহরের চণ্ডীবের পাঠান বাড়ির বাসিন্দা ছিলেন। এ ছাড়া ১৩ ফেব্রুয়ারি সেতুর পাশে সকালে হাঁটতে এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন নিতাই চন্দ্র সাহা (৬৫) নামে আরেক ব্যবসায়ী। তিনি ভৈরব বাজার ডালপট্টির বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে সেতুর আশুগঞ্জ প্রান্ত থেকে হেঁটে ভৈরবের দিকে যাচ্ছিলেন দিপু। টোল প্লাজার কাছাকাছি আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে ঘিরে ধরে। পরে তাঁকে ছুরিকাঘাত করে। দিপু দৌড়ে পালানোর চেষ্টা করেন। কয়েক কদম যাওয়ার পর সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পুলিশ এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দিপুর ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করে। তাঁর পকেট থেকে প্রায় ৪০ হাজার টাকা পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল রোমান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের একটি আঘাত আছে।
ভৈরব থানার উপপরিদর্শক নিপুন মজুমদার বলেন, কে বা কারা এবং কেন দিপুকে মারলেন—সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।