ভৈরবে ট্রেন লাইনচ্যুত, সাড়ে সাত ঘণ্টা বন্ধ ছিল চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। রাত আটটার দিকে লাইনচ্যুত ট্রেনটিকে সরিয়ে নেওয়ার পর রেলপথ চালু হয়। অবশ্য এর আগে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকে।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৭টা ২০ মিনিটে নাসিরাবাদ নামে একটি মেইল ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। গন্তব্য ছিল চট্টগ্রাম। দুপুর ১২টায় ভৈরবের আগের স্টেশন কুলিয়ারচরে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। কিছুক্ষণ পর কুলিয়ারচর স্টেশন ছেড়ে আসে এটি। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনের আউটার পয়েন্টে প্রবেশ করে। এ সময় পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুর থেকে ভৈরব স্টেশনে আটকা পড়ে। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। রাত আটটায় রেলপথ চালু হলে বিজয় এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. নুরুন্নবী বলেন, বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। রাত আটটায় ক্ষতিগ্রস্ত রেলপথের মেরামতের কাজও শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।